বর্ষার প্রথম জলে তুমি কেমন প্রাঞ্জল আর সাবলীল হলে
অনবদ্য এক অনুভবে বৃষ্টিধারায় বিচ্ছূরিত হলো কদমগন্ধ
আজ কোনো কাজ নয়, শুধু ভালোবাসার দীর্ঘ নিবন্ধ
পড়ে যাক রাত, ভেজা আঁধারের সুবাস মৌ মৌ বৃক্ষতলে।
ঝরাপাতারা আজ পেয়েছে প্রাণ, নদীদের যেন নবান্ন উৎসব
আজ নারীরা অন্তর্গত সৌন্দর্যের সুধায় কেমন মোহন মধুর
মুক্তাবিন্দুর মতোন বৃষ্টিধারায় ভালোবাসার কোলাহল কলরব
আহা আজ কেমন পাগল নারী নদী নক্ষত্র আর সমুদ্দুর।
এসো বর্ষার জলে ভিজি, এসো বর্ষার আঁধারে লুকাই
কদমের ঘ্রাণে হৃদয়ের পাতা উল্টাই
এসো বর্ষার আঁধারে মুখ গুঁজে দিয়ে পান করি প্রেমের শারাব
এসো বড় নান্দনিক করে তুলি ভালোবাসার আসবাব।
বর্ষার জলে আজ প্রেমে প্রাণ পেয়েছে নীল প্রজাপতি
বর্ষার জলে ধরায় আজ কত প্রেম প্রীতি রতি।
১৫.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



