দিনগুলো যেতো, রাতগুলো যেতোনা, ভাবনারা ঘিরে ধরতে অক্টোপাসের মতোন
কী সুন্দর রাতগুলো মালগাড়ীর মতোন আলগোছে গা এলাতে পুরনো জংসনে
ঘুমের ঘ্রাণে কী সুন্দর নীররতা শহরময় করে বেড়াতো ভ্রমণ__
কর্মহীন জীবনের ব্যথা আর ব্যর্থতা কাতর করতো নিঃসঙ্গ নির্জনে।
রঙিন আঁধার গলে গলে রমণ ছড়াতো ষোড়শির শরীরে
মেদময় শিল্পপতির শীর্ষে তখন বৃষ্টিপাতের অস্থির মেঘ গুড় গুড়
এই শহরে এদিকে আমাদের ক্ষুধার জ্বালা যুবক উদরে
ওদিকে রঙিন জলের আবাহনে মদির মাতালতায় সুড় সুড়।
বেঁদে বস্তিতে বেদিনীরা আদিম ঘুমের ঘ্রাণে ভাসাতো বেহুলার ভেলা
গগনচুম্বি অট্রালিকায় কুঠরীতে মুঠো মুঠো অনুভবে বাসতো বৈদশিক ভালোবাসা
এদিকে আমরা বেকার যুবক কয়েক নিয়ে উদরের সীমাহীন জ্বালা
রাত জেগে জেগে তাসে তাসে খেলে যেতাম পাশা।
সেইসব বেকার নিঃসঙ্গ দিন, ওড়ায়েছি শুধু স্বপ্নের ফড়্রিং, তবু যেন কত মধুর
ব্যথা আর ব্যর্থতার জর্জরিত, আর্ত, তবু আজ মনে হয় আহা কত যেন সুমধুর।
১৭.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



