কবিতা কেউ পড়ে না, মানে কবিতা সাধারণের কাছাকাছি আসতে চায় ;
পারে না। এই যে, না আসার ব্যর্থতা, এটাই কবিতাকে এক্সক্লুসিভ করে রাখে।
তুমি যেমন কাছাকাছি হতে চেয়েও হও না, হলে উপযোগিতা কমে যাবে ভেবে
দূরে দূরে রাখো।
কবিতা চিরদিনই অপাংক্তেয়, অথচ বাঙালির রক্তে কবিতার গুঞ্জরণ
মৃত্তিকার ফলায় কবিতার ব্যঞ্জনা, দখিনা বাতাসে কবিতার প্রশ্বাস
ঘাসের শিশিরে কবিতার মিটি মিটি । ঝিঝিদের ডাক, ডাহুকের ক্রন্দন,
সবই কবিতা। গোলাপের ঘ্রাণে কবিতার সুবাস, বৃক্ষের মর্মরিত ছন্দে
কবিতার ধ্বনি, কিশোরীর নিক্কনে অনুপ্রাসের মিল, রমণীর স্তনে
কবিতার চিত্রকল্প।
অথচ কবিতা কেউ পড়েনা, অথচ কবিতার ভেতর সকলেই ডুবে থাকে
কবিতায় জীবন বাঙালির, কবিতাই কৃষিকর্ম, কবিতাই নদীদের উর্ববতা
কবিতাই দম্পতির দাম্পত্য, কবিতায় জীবন উপভোগের সূত্র।
অথচ কেউ পড়েনা কবিতা।
অথচ কবিরাই চিরকালই ব্যর্থপ্রেমের খেতাবে ভূষিত, অথচ কবিদের
কলমেই জাতির ঐতিহ্য অনুদিত। কালে কালে কবিরাই তবু স্বপ্ন দেখায়।
২২.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




