আমার অক্ষমতা আমি জানি, তাই দূরে আসা
তুমি সেটাকে প্রতারণা ভাবলে।
বহুবার ভেবেছি, বলবো, পারিনি।
কে চায় ঘরের কথা ফাঁস করতে ?
সক্ষমতার জন্য রাত্রিদিন সাধনা
তোমাকে ফুরফুরে গোলাপদিন দেবার সে কী জীবনযুদ্ধ !
তোমাকে অলঙ্কৃত করতে সে যে কী জীবনমরণপণ!
তোমাকে টলটল স্বচ্ছজলের ভালোবাসার দেবার সে কী চেষ্টা !
তবু হরের সাথে লবের সমতা মেলেনি
দূরত্ব ঘোঁচেনি। তাই ফিরে এলাম,
তুমি সেটাকে প্রতারণা ভাবলে।
বহুবার ভেবেছি : বলি,
বলতে গিয়ে হয়েছি মূক। ভাষাহীন আমার বুক ধড়পড় করেছে।
আমার মেধার দৌরাত্ম্য আমি জানি
আমার পুঁজির বহরও আমি জানি
এই আমাকে দিয়ে সমাজের, স্বপ্নের দেশের কতটুকু কী হবে, তাও জানি
তোমাকে কতটুকু দিতে পারতাম আমি, তাও জানতাম
জেনে, ভালো করে জেনে, ফিরে এলাম
সেটাকে তুমি প্রতারণা ভাবলে।
তাও ভালো, সমস্ত জীবন কষ্ট থেকে বাঁচাতে পারলাম তোমাকে।
২৫.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




