সময় চলিয়া যায়,
ভালোবাসা জমে থাকে হৃদয়ের তারে
পুষ্পমানবি আমার অক্ষত থাকো সেই প্রথম দিনের মাটির মালসায়
এদিকে কত ক্ষয়, ধস, অবিশ্বাস, আমাদের দেহের বাহিরে।
কত রক্তপুঁজ, কত জখম, দাগ, ক্ষত, নড়বড়ে গিঁটে ব্যথা্
ওদিকে অনশ্বর পরিপূর্ণ অপরূপা রূপ নিয়ে শাশ্বত সুন্দর সবিতা
কত সংগ্রাম গেলো, ঘাম গেলো, শ্রমের প্রেমের গেলো কত ধকল
মনের মন্দিরে জেগে থাকে আমার সবিতা অবিকল।
কত জরা, জীর্ণতা, উপবাস আর পরিহাসের কত ফন্দি ফিরিস্তি
নদীর ভাঙন, আগ্রাসন, পুঁজিবাদীদের দৌরাত্ম্য, ব্যাংক লোনের কিস্তি
রোগ, শোক, ধীরে নিভে যায় দীপালি আলোক, কত ভাঙনের ব্যঞ্জনা
স্মৃতির মন্দিরে তবু অবিনশ্বর জাগে আমার অপরূপা অনন্ত যৌবনা।
সময় ক্ষয়ে দিয়ে যায়, চুষে খায় টগবগে রক্ত, আমরা হই নিঃসঙ্গ পথিক
আমাদের মন তবু জেগে থাকে শাশ্বত সুন্দরতম চির বসন্তের পিক।
০৩.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





