ইতিহাসের গহীনে ডুবি, অথই জলোধি সেচে খুঁজে আনি কিছু কঙ্কাল
খুঁজে আনি কিছু শুষ্ক মানুষের খুলি, পাঁজর, হাত আর দৃষ্টিহীন কিছু চোখ
তাতে প্রাণ দিই, রঙ দেই, চেতনা দেই, অভিনয়ের সূত্র শেখাই __
মরা মানুষগুলো প্রাণ পেয়ে কী সুন্দর জ্বালায় দীপালি আলোক।
মানুষগুলোর কী দুর্দান্ত প্রতাপ ! নবীন প্রাণ পেয়ে কেমন উজ্জীবিত !
তারা ধারণ করে কালের কালিমা, আকাশের লালিমা, সময়ের সঞ্চয়
মনে হয় তারা বিদগ্ধ এক অনুবাদকের কাছে হলো অনুদিত
আহা ! ভালোবাসার গভীরতা ব্যাপ্তি কত, কেমন তাদের কালজয়ী প্রণয়।
ইতিহাসের পাতা ঘেঁটে ঘেঁটে আমরা খুঁজে আনি মরা মানুষের হৃদয়
তাকে আমরা ভাষা শেখাই, ভালোবাসা শেখাই, গ্রথিত করি নিপুণ অনুভুতি
কঙ্কালের মানুষগুলো আমাদের প্রাণের ছোঁযায় কেমন প্রাণবন্ত হয়
তাদের জীবনযাপনে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, চেতনা আর গান গীতি।
ইতিহাসের পাতায় পাতায় ঘুমিয়ে থাকে আমাদের পিতা আর পিতামহগণ
সেইসব পিতামাতামহদের প্রাণ দিয়ে আমরা অনিন্দ্য শিল্প করি বিরচন।
০৪.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





