জানো না হৃদয়ে কতগুলো স্তর আছে, কতগুলো ভাঁজ
অজস্র কুঠুরী আছে, তালগাছে বাবুইয়ের বাসার মতোন।
মৌচাকজাল । আছে আকাশের বিস্তার, তুমি ভালোবাসা দিয়ে
কতটুকু ভরাবে। হাঙরের মতোন ভালোবাসা চায় বুভুক্ষু হৃদয়।
ভালোবাসার জন্য তাই কাস্তে ধরেছি হাতে, ধরেছি লাঙলের মুঠি
পাথরমৃত্তিকা চিরে বপণ করছি ভালোবাসার বীজ
যদি ফসল আর ফলবতী হয় বিরাণ খামার
শিক্ষার মতোন আজ ভালোবাসাও বাণিজ্যিক হয়ে গেছে
যত্রতত্র ভালোবাসার স্টল, বিপনিবিতান,
ভালোবাসার দরমূল্য নাগালের বাহিরে চলে গেছে
এদিকে ভালোবাসার আকালে আমারও বেড়েছে ক্ষুধা
তুমি এসে কতটুকু ভরাবে।
সেই দুধভাতের মতোন কতদিন ভালোবাসা খাই না আমি,
ভালোবাসাহীন কঙ্কালসার হয়ে গেছে আমার কাঠামো।
১৪.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




