কী করে বেঁচে থাকি, কী খাই, কী পড়ি, তুমি তার জানো না কিছু,
রাতের ঘুমগুলো কবে পালিয়েছে, কী করে রাত কাটাই, কী ভাবি
তুমি তার জানো কিছু, বুষ্টি হয়, বৃক্ষের পাতারা বাতাসে ঝাঁপটায়
কীভাবে চেয়ে দেখি, তুমি তার জানো না কিছু, কিছুই জানো না,
জানতে চাওনি কোনোদিন, কী আগুনে পুড়ে অঙ্গার হলো ভালোবাসার
হৃদয়, কী দহনে ঝাঁঝড়া হলো প্রেমের পাললিক ভূমি, মৌসুমী ?
কবে থেকেই তো বধির দিন কাটাই, অনুধাবন করি মানুষের রঙ
তামাশা, দেখে যাই, শুনে যাই, কাউকে কিছু বলার অধিকার পাই না
কে শোনে কার কথা, গাছের পাতারাও নিবার্হী আদেশে নড়েচড়ে
অফিসের বসেরাও কেন্দ্রের দিকে ঝুঁকে থাকে, কখন ভূমিকম্প হয়
চেয়ারের পায়া কবে আবার বিকল হয়, সেই ভয়ে স্ক্রু টাইট দেয় নিত্যদিন
তোয়াজ করে, নীতির কথা বলবে, ন্যায়ের কথা বলবে, তুমি নিজেই
ফাঁসবে চুরির নয়তো ভেজালের মামলায়, কোথাও তাই বলি না
কিছু, শুনে যাই, যাপন করি বৃক্ষের জীবন, আলোবাতাস খাই,...হাঁপাই
১৬.০৭.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




