কেউ আর ডাকে না, বলতে চায় না কিছু ;
কারো কোনো সময় নেই আমর আমাকে দেবার __
অথচ একদিন কত কেউ ছিলো আমার পিছু পিছু,
কত বন্ধু ছিলো কত কিছু নেবার।
এখন কেউ কিছু দেয়না, এমনকি বাসি গোলাপ !
পাশেও বসেনা একটু সময়ের জন্য, কোন এক বিকেলে ;
আমার ভাষা, নিবেদন, সবকিছু বুঝি বৃদ্ধবিলাপ __
কালের চাপে আজ হয়ে গেছি সেকেলে।
অথচ আমারও যৌবন ছিলো, উর্বর ছিলো বুকের সীমানা
ভালোবাসার ভারে বৃক্ষের ডালে ছিলো লকলকে লতা __
গুঞ্জরণে আমারও বুকের ভেতর বেজেছিলো মদির ব্যঞ্জনা
আমারও জন্য কোনো রমণী লিখেছিলো দু'পংক্তি কবিতা।
কারো কোনো সময় নেই আজ আমাকে দেবার
কেমন বিবর্ণ আর ফিকে হয়ে গেছে সময়ের সেতার।
৩০.০৮.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




