বকুল, গুলিস্তানে প্রায়শ যাই, তোকে মনে পড়ে
তুই ফুটপাত থেকে একটা টি শার্ট কিনে দিয়েছিলি আমায়
নিঃসঙ্গ রাত্রিগুলি ভরে দিয়েছিলি রবীন্দ্র সংগীতের সুরে
সঙ্গীহীন জীবনে তুই দিয়েছিলি বাঁচার স্বাদ, সুরায় সুধায়।
কতটা বছর কেটে গেছে, এই শহর জন্ম দিয়েছে কত তুখোর চতুর সন্তান
তারা আজ চরচর করে ইমারত গড়ে বিলাসের মুখ ডুবে রাত্রি করে পার
অথচ তুই এই শহর ছেড়ে চলে গেলি হয়নি যখন কর্মসংস্থান
তোর তো অন্যায় আর অসত্যের কাছে অভ্যেস ছিলো না কুর্ণিশ করার।
কোন এক রমণীরে ভালোবেসে ধুকধুক তোর হৃদয় হয়েছিলো ক্ষয়
তবু তোর ভালোবাসা আর প্রেম দেখেনি পৃথিবীর আলো বাতাস
কোন সে স্বর্গলোকের থেকে এসেছিলো গভীর প্রণয়
সেই অভাগিনী রমণী বুঝেনি তোর প্রেমের প্রকাশ।
তোর সেই টি শার্ট, রবীন্দ্রসংগীতের সুর, তোর নিঃসঙ্গতার গান
মনে আছে, খুব মনে আছে, তোর জন্য পোড়ে তাই আমার গহীন পরাণ।
১৬.০৯.২০১৪
LikeLike · · Share

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




