এতোদিন আমি নিজের জন্যই বাঁচতাম
এখন মনে হয় কারো জন্য যেন বাঁচি
একটা দায় আমাকে তাড়া করে, মনে করে দেয় :
এইভাবে বাঁচতে হয়, একে বেঁচে থাকা বলে।
আমি পূর্বের যাপিত জীবন নিয়ে অনুশোচনায় দগ্ধ হই
তবু কে যেনো বিমুগ্ধ চোখে চেয়ে বলে : এখনো সময় আছে
যতটা দিন পাওয়া যাবে__বাঁচার জন্য, সেই কটাদিন যদি
বাঁচার মতোন বাঁচা যায়। তবু সার্থক হবে__মানবজীবন।
বাঁচার জন্য চাই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা
বাঁচার জন্য আমি চাই পরিশুদ্ধ ভালোবাসার ফুল ;
অথচ দেশময় ঘুষ উৎকোচ আর গাঁজার আসর,
লম্পটদের বাসর
কী করে বাঁচি দায় নিয়ে
একজন আমার জন্য অপেক্ষা করে, আমি বলি : অনন্তের পথে
হাঁটো, এই প্রিয় স্বদেশে চলছে ক্ষমতা আর দুষিত কবিতার উৎসব
বিকল্প উপায়ে অর্থ উপার্জনের প্রক্রিয়াকৌশল
মুখের মোলায়েম ভাষায় অবিকল ভাইয়ের প্রতিচ্ছবি
অথচ কলমের খোঁচায় সাতজনমের ঘাঁই
অামি বাঁচার জন্য লাঙলের মুঠি ধরতে গ্রামে ফিরে যাই
কেনো না লাঙলের মুঠিতে কোনো ভেজাল নেই, কলমের খোঁচাকে
সে মাড়িয়ে দিয়ে মৃত্তিকার গভীরে যায়
লাঙলের ফলায় সে সোনা ফলায়.....
মনে হলো : এইবার দায় নিয়ে বাঁচা তাহলে সার্থক হবে।
২০.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



