অরণ্য,
ওপাড়ের ওই সঘন সবুজ—
তুমি বসে আছো;
পিঁপড়ের ঘরগুলি ভেঙে গেল— খেয়াল করো নি?
ভেবে দেখো, কত সহজেই ভেঙে যায়
সব আয়োজন!
ওই যে মরে পড়ে আছে কয়েকটা;
কত সহজেই মেরে ফেলা যায়—
অজান্তে
অনিচ্ছায়
অগোচরে—
অকাতরে!
কোথায় চেয়ে আছো তুমি, অরণ্য?
জলদর্পণে তুমি কাকে খোঁজো?
কত অবহেলায় চলে গেল কিছু প্রাণ;
তুমি আহত হও না, অভ্যন্তরে?
ওভাবেই তো মাটিতে মিশে যায়
আগ্রার অহংকার!
মাঝরাতের বৃষ্টিফোঁটায় তুমি কী দেখো, অরণ্য?
কাকে খোঁজো?
বৃষ্টির রাতকালো জলে ধুয়ে গেল পিঁপড়েরা;
ভেঙে যাওয়া ঘরগুলির ভগ্নস্তুপ—
না বোঝা কিছু প্রেমের অপমৃত্যুতে
তুমিই দায়ী!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



