এই মাত্র হাতে পেলাম লাল একটা খাম,
এতে কিছু কথা লেখা আছে, শুধু নেই কোন নাম।
লেখাগুলোর ভিষণ তেজ, দাউ দাউ করে জ্বলছে,
কিন্তু কি বলে একে পরিচয় করাই তোমার সাথে,
স্ক্রিপ্ট, নাকি আগ্নেগিরি?
জানো কি তুমি; প্রিয়তমা নেফারতিতি।
সে যাই হোক, আগ্নেগিরিই বলি কেমন-
কবিতার প্রয়োজনে শব্দরা যেখানে যেমন।
খামটা দিয়েছে এক পরিচালক,
না না পরিচালক না, বরং গেরিলাই বলি,
স্বজাতির প্রেমে মশগুল এক গেরিলার গল্প
এখানে; প্রিয়তমা তিতি। শোন তবে,
কি যেনো বলতে চায় সে, মুক্তির কথা
বলতে চায় স্বজাতির না বলা দুঃখ ব্যথা।
চোখ তার জ্বলছে, সে আগুন আমাকেও ছুয়েছে;
এই রাতে। তাইতো এক কথায় রাজি,
গেরিলার সহযাত্রী আজ থেকে আমি।
আমরা পাহাড় ডিঙাবো, ডিঙাবো নদী
গাছ আর পাহাড়ি মদ মিশিয়ে বানাবো জিবনের ছবি।
শোন শোন, তবে আরো শোন,
কথার এখনো অনেক বাকি-
তুমি যদি আসো ফিরে, যদি তাকাও আবার,
সত্যি বলছি একটা হাত দিবো তোমাকে,
আরেকটা হাত তাকে,
যে হাত গেরিলার হাত,
যে হাত ধরেছি আজ রাতে।
কারণ; তুমি পালালেও গেরিলারা পালায় না।
প্রেমিকার চেয়েও বড় প্রেমে মশগুল সে,
যার নাম ‘মা’। সে কখনো পালাতে পারে না।
(১৭ নভেম্বর ২০১৪, ইউল্যাব)
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




