১.
আমারই মতো কেবা শীতের বিকেলে ডেকে বলবে
এই শোনো; ভালোবাসি।
কেবা এতোটা নতজানু হয়ে বলবে,
মেলে ধরো ডানা, আমি ঝাপ দিবো।
সবাইতো আসে আর যায়, শরীরের গল্প হলো ঢের বেশি।
মনের গল্প কেবা করে?
ধুর; ছাইপাশ এসব হয়েছে অনেক।
ফাচুকি প্রলাপ বকবার অথবা শোনার এখন সময় নেই হাতে।
মনের বিলাপ বিলোপ নেক, থার্টিফার্স্ট নাকি আজ রাতে।
২.
তারপরও আলাপের শুরু হয় কেমন আছেন দিয়ে।
উত্তরে ভালো, তারপরে পাল্টা প্রশ্ন- আপনি?
পাল্টা উত্তরে ভালো। আলাপ আর বাড়ে না।
ওখানেই শেষ হয় প্রতিদিন।
পরিচয় পর্বের এমন সুরিয়ালিস্টিক ট্রিটমেন্ট
আমার ভালো লাগে না। আমি যে জিবনানন্দ বুঝি কম।
দালি তো ঢের দুরের কথা।
বলি সময় হাতে বেশি নেই,
বছর যে শেষ হয়ে গেলো!
গড়া দেখতে চাই নতুনেরে দিয়ে।
ভাঙন থাকুক পুরানের বুকে।
(৩১ ডিসেম্বর ২০১৪, টিএসসি; বকশিবাজার; পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

