বাউফল সমুদ্র পাড়ের একটি উপজেলার নাম।
হঠাৎ শখ হলো সেই উপজেলায়
একটি পার্টি ঘোষণা করবো,
নাম দিবো কমিউনিস্ট পার্টি অব বাউফল।
তারপরে কমরেডদের ডেকে বলবো-
মাই ডিয়ার কমরেডস অব বাউফল,
তোমরা উপজেলা চেয়ারম্যান আর বিরোধী নেতাকে বুদ্ধি দিতে
যেয়ো না। বরং সবাই ছড়িয়ে যাও ঘরে ঘরে।
সকলের কাছ থেকে একমুঠো চাল, ডাল, পেঁয়াজ অথবা
সুপরি অথবা নারিকেল নাও একজোড়া।
তারপরে শ’পাঁচেক বই কিনে আনো, পারলে একটা টিভি
সাথে সিডি প্লেয়ার।
যখন কৃষক, রিকসাওয়ালা, দোকানদার, ঠেলাগাড়িওয়ালা,
মুচি, উপজেলার মেথর, শিক্ষক, কবি, বেশ্যা অর্থাৎ সকলে সকলে-
ঘাম ঝরিয়ে ঘরে ফিরবে, দু’মুঠো ভাত খেয়ে একটু গা এলিয়ে দিবে-
ঠিক তখনই উঠনে বই নিয়ে আসো, টিভি নিয়ে আসো-
গান করো, সবাই মিলে বই পড়ো, সিনেমা দেখো; পারলে নাটক বাঁধো।
এসব দেখা শেষে, যখন ভোর হবে হবে-
ঠিক তখন, পুরো উপজেলা লাল পোস্টারে ছেয়ে ফেলো।
স্কুলের দেয়ালে আপদ আর বিপদের যে পোস্টারে ছেয়ে গেছে ,
যেখানে স্তুতি গাওয়া হয়েছে ভিষণ মিথ্যার-
তার উপরে কয়লা গলিয়ে রঙ বানাও আর দেখো গ্রাফেতি করা যায় কিনা।
যেখানে তোমরা তোমাদের ইতিহাস লিখবে। হাজার বছরের নিপীড়নের ইতিহাস।
যাও এখনই সময় এসেছে ছড়িয়ে পড়ার।
হঠাৎ দিবাস্বপ্ন ভাঙে-
(২৩ ফেব্রুয়ারি ২০১৫, কাকরাইল)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



