এখানে আর লেখা-লেখির কি আছে?
চৈত্র মাস আসছে; সেই চৈত্রের শেষে
ঝড় এলে নাকি কাঁচা আম পড়ে।
সেরুপ দেখিনি কোনোদিন, স্টিলের জানলার
ভাঙা কাঁচের টুকরো ছাড়া।
ভাবনায় পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আসে না,
গাভী দেখি নাই কোনো গোয়াল ঘরে, শুধুমাত্র-
চার চাকার হাই ডিলাক্স কামরা ছাড়া।
যাদের শেকড় মাটিতে-
ধুলো আর জল মেখে যাদের বেড়ে ওঠা,
তারা কেমন পাতাবাহারের মতো লকলকিয়ে
বেড়ে উঠছে।
ইটের পর ইট যেমন; ঠিক তেমনই-
শব্দের পিঠে শব্দ সাজিয়ে চলছে
প্রেসক্লাবের পাকা টাইপ রাইটারের মতো।
আর আমি শালা হতচ্ছাড়া-
শহরের উঁচু দালান আর গাড়ীর হেড লাইটের
মাঝে শব্দ খুঁজি।
(২৩ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



