স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য চাই নতুন সংস্কৃতি- শ্লোগানকে সামনে রেখে প্রগতির পরিব্রাজক দল, প্রপদ এর তৃতীয় সাধারন সভা গত সেপ্টেম্বর' ০৯ এর ১২, ১৩ ও ১৪ তারিখ তিন দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়।
সাধারন সভা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপিকা রওশন জাহান মান্নান।
নব গঠিত কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা মাহবুব রাসেল, যুগ্ম আহবায়ক- শুভ্রা চক্রবর্তী, আরশাদ আলী, সদস্যবৃন্দ- মাসুদ খান, মিলন কর, মনোজ দে, শারমিন রহমান, সুমি চক্রবর্তী, নুসরাত জাহান, নুর বাহাদুর ও রওশন জামিল।
সাধারণ সভায় নতুন কমিটি গঠনের পাশাপাশি চলমান আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতি পর্যালোচনা, সংগঠনের বিগত সময়কার কাজের সারসংকলন আলোচনা ও পর্যালোচনা, সংগঠনের গঠনতন্ত্র ও বিধিমালা, পাঠচক্রের বিধিমালা, পাঠ্যক্রম ও পাঠ্যতালিকা গ্রহণ করা হয়। সংগঠনে বিরাজমান বিভিন্ন দ্বন্দ নিরসনের লক্ষ্যে প্রাণবন্ত ও সজীব আলোচনা-বিতর্কের মধ্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হন। যা কেবল এ সংগঠনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রেই নয় বরং, সমগ্র বিপ্লবী সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে নানা মতের সংগ্রামের মধ্য থেকে ঐক্যবদ্ধ ভিত্তি নির্মাণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনি অধিবেশনে বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সবশেষে প্রপদ'র গানের দল কর্তৃক গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাধারণ সভার সফল সমাপ্তি ঘোষিত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


