(চীনের আধুনিক সাংস্কৃতিক বিপ্লবের প্রধান সেনাপতি ল্যু স্যুন (১৮৮১-১৯৩৬) শুধু একজন মহান চিন্তাবিদ ও রাজনৈতিক ভাষ্যকার ছিলেন না, তিনি আধুনিক চীনা সাহিত্যের স্থপতিও। ১৯৩০ সালে সাংহাইতে বিপ্লবী লেখক সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ভাষণ দেন। তাঁর এ ভাষণই পরবর্তীতে বিপ্লবী লেখক সংঘের কর্মসূচি হয়ে উঠে। তিনি এই বিপ্লবী লেখক সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এই সংঘ ১৯৩৬ সাল পর্যন্ত কার্যকরী ছিল।)
ল্যু স্যুন: বামপন্থী লেখক-সংঘ সম্পর্কে
পূর্বের বক্তারা যেসব বিষয়ে বিস্তারিত আলাপ করেছেন, আমি সে সম্পর্কে আর আলাপ করছিনা। আমার মতে “বামপন্থী” লেখকরা আজকাল খুব সহজে “ডানপন্থী” লেখকে পরিণত হতে পারেন। প্রথমত, আপনি যদি সমাজ বাস্তবতায় নিজেকে সম্পৃক্ত করার পরিবর্তে লেখালেখি বা পড়াশোনার জন্য নিজেকে ঘরের মধ্যে বন্দি করেন, তাহলে আপনার পক্ষে চরম র্যাডিকেল বা বাম হওয়া সহজ। কিন্তু যখনই আপনি বাস্তবতার মুখোমুখি হবেন, আপনার সকল ধ্যান-ধারণা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বদ্ধ দরজার মধ্যে থেকে অনর্গল র্যাডিকেল ধ্যান-ধারণার ফুলঝুড়ি ছোটানো যেমন সহজ, তেমনি সহজ ডানপন্থীতে পরিণত হওয়া। পাশ্চাত্যে একেই বলা হয় “স্যালুন সমাজতন্ত্রী”। স্যালুন অর্থ হলো সুরম্য, পরিপাটি বৈঠক খানা, যেখানে বসে সমাজতন্ত্র নিয়ে প্রচূর আলাপ-আলোচনা করা হয়, কিন্তু এর কোনটিকেই বাস্তবে প্রয়োগ করা হয়না। এরকম সমাজতন্ত্রীরা সম্পূর্ণ অবিশ্বস্ত।.................
দ্বিতীয়ত: আপনি যদি বিপ্লবের প্রকৃত ধরণ বুঝতে না পারেন, তাহলেও ডানপন্থী হওয়া খুব সহজ। বিপ্লব হচ্ছে এক তিক্ত বিষয়, আবর্জনা ও রক্তে মিশ্রিত; কবির কল্পনার মত মোহনীয় বা সুনিপুণ নয়। এটি অত্যন্ত কষ্টকর, সমস্যাসঙ্কুল, ক্লান্তিকর এক কাজ; কবির কল্পনার মত ভাবপ্রবণ নয়। অবশ্যই বিপ্লবে ধ্বংস অনিবার্য; কিন্তু একইসাথে গঠনও অনেক বেশি প্রয়োজনীয় এবং যেখানে ধ্বংস হলো সহজ, সেখানে গঠনের কাজ সমস্যা জর্জরিত। সুতরাং যাদের বিপ্লব সম্পর্কে আবেগী স্বপ্ন আছে বাস্তবতার মুখোমুখি হলেই বা প্রকৃত অর্থে বিপ্লব শুরু হলেই তাদের সেই মোহ কেটে যায়। রাশিয়ান কবি ইয়েসনিন তার সমস্ত অন্তঃকরণে অক্টোবর বিপ্লবকে স্বাগত জানিয়েছিলেন, চিৎকার করে বলেছিলেন, “স্বর্গে ও পৃথিবীতে বিপ্লব দীর্ঘজীবী হউক! ........... আমি একজন বলশেভিক!” কিন্তু পরবর্তীতে যখন বাস্তবতা ছিল তার কল্পনা থেকে সম্পূর্ণ আলাদা, তখন তিনি সুশীল সমাজ কিভাবে সাম্রাজ্যবাদের ঠিকাদারী হাতে নিয়েছে, কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জনগণেরমোহমুক্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন এবং অনেকে বলেন তার এই মোহভঙ্গতা পরবর্তীতে তার আত্মহত্যার একটি কারণ ছিল।
পিলনিয়াক এবং হ্যারেনবার্গ এ প্রসঙ্গে অন্য ঘটনা এবং আমরা আমাদের (চীনের) ১৯১১-র বিপ্লবে একইরকম দৃষ্টান্ত পাই। দক্ষিণ সমাজের লেখকরা শুরুতে ছিলেন মহা বিপ্লবী। কিন্তু তারা এই মোহ লালন করতেন যে, একবার মানচু সম্রাটকে পরাজিত করতে পারলে পুরোনো সুদিন ফিরে আসবে এবং তারা সবাই চ্যাপ্টা হাতার জামা, উঁচু হ্যাট, কটি বন্ধনী পরতে পারবেন এবং রাজকীয় ভঙ্গিতে চলাচল করতে পারবেন। কিন্তু তারা বিস্মিত হলো, যখন দেখল, মানচু সাম্রাজ্যের পতনের পর যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো তা তাদের কল্পনা থেকে সম্পূর্ণ পৃথক। সুতরাং তাদের মোহভঙ্গ হল, এমনকি তাদের কেউ কেউ এই নতুন আন্দোলনকে বিরোধিতা করল। যদি আমরা বিপ্লবের প্রকৃত ধরণ না বুঝি তাহলে আমাদের পক্ষেও এমন করা সহজ।
আর একটা ভুল ধারণা হল কবি অথবা লেখকরা সমাজে উচ্চমার্গের ব্যক্তি এবং তাদের কাজ অন্যদের তুলনায় মহৎ। উদাহরণস্বরূপ, হেইন ভেবেছিলেন যেহেতু কবিরা সবচেয়ে মহৎ এবং যেহেতু ঈশ্বর ন্যায়বিচারক, তাই কবিরা মারা যাওয়ার পর ঈশ্বরের পাশে স্থান পাবেন এবং ঈশ্বর তাদের হাল্কা আমোদ-প্রমোদের প্রস্তাব করবেন। আজকাল অবশ্য কেউই বিশ্বাস করেননা যে ঈশ্বর আমোদ-প্রমোদের প্রস্তাব দিবেন, কিন্তু কেউ কেউ বিশ্বাস করেন যে, এখন যেসব কবি এবং লেখকরা শ্রমজীবী মানুষের বিপ্লবে সমর্থন দিচ্ছেন, বিপ্লব শেষ হলে তারা শ্রমজীবীদের দ্বারা মূল্যবান পুরষ্কারে ভূষিত হবেন, বিশেষ সুবিধা পাবেন, বিশেষ ধরণের গাড়িতে চড়বেন এবং বিশেষ খাবার খাবেন। “আপনার জন্য, আপনি আমাদের কবি”-এই বলে হয়ত শ্রমিকরা তাদের রুটি ও মাখন খাওয়ার প্রস্তাব দিবেন। এটি আরেকটি মোহ। এটা ঘটতে পারেনা। সম্ভবত বিপ্লবের পর অবস্থা আরো কঠিন হবে। সেখানে হয়ত নষ্ট রুটিও থাকবেনা, রুটি ও মাখনের কথা ছেড়ে দিন। যেমনটা বিপ্লবের পর এক থেকে দুই বছরের জন্য হয়েছিল রাশিয়ায়। যদি আমরা এটা বুঝতে ভুল করি তবে আমাদের পক্ষে ডানপন্থী হওয়া সহজ। বাস্তব হলো কোন শ্রমিকই বুদ্ধিজীবীদের প্রতি বিশেষ সম্মান দেখাবেনা।..........ফাদেয়েভের লেখা আমার অনুবাদকৃত দ্যা নাইনটিন এর মেটিক নামক বুদ্ধিজীবীটির কথা স্মরণ করুন, যাকে নিয়ে খনি শ্রমিকরা প্রায়ই হাসাহাসি করত। এটা বলার প্রয়োজন নেই যে, বুদ্ধিজীবীদের নিজস্ব কাজ রয়েছে যাকে কোনোভাবেই ছোট করে দেখা যায়না; কিন্তু শ্রমিক শ্রেণীরও অবশ্যই এটি দায়িত্ব নয় যে, কবি অথবা লেখকদের সাথে বিশেষ অগ্রাধিকারমূলক আচরণ করা।
এখন আমি কয়েকটা বিষয় উল্লেখ করব যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া দরকার।
প্রথমত: পুরাতন সমাজ ও পুরাতন শক্তির বিরুদ্ধে সংগ্রামে দৃঢ়, স্থির হওয়া প্রয়োজন এবং সামর্থ্যের উপর মনোযোগ দেয়া উচিত। পুরাতন সমাজের শেকড় সমাজের গভীরে প্রোথিত এবং আমরা তা উপড়ে ফেলতে পারবনা যদিনা আমাদের আন্দোলন অধিকতর শক্তিশালী হয়। পাশাপাশি পুরাতন সমাজ নানা উপায়ে আমাদের নতুন শক্তিকে আপোসকামীতার দিকে নিয়ে যাবে, যদিও তারা নিজেরা কখনো নতুন শক্তির সাথে আপোষ করবেনা। চীনে অনেক নতুন আন্দোলন চলছে, এখন পর্যন্ত প্রত্যেকটি পুরাতনের কাছে পরাজিত হচ্ছে, লেখাটি
মোটাদাগে কারণ হলো তারা নির্দিষ্ট, সাধারণ লক্ষ্য ঠিক করতে পারছেনা, তাদের দাবি খুবই নমনীয় এবং সহজেই পূরণযোগ্য।
মাতৃভাষার আন্দোলনের কথাই ধরুন, যা শুরুতেই পুরাতন শক্তি দ্বারা বেপরোয়াভাবে বিরোধিতার সম্মুখীন হয়েছিল। শীগ্রই পুরাতন সমাজ মাতৃভাষায় লেখাকে মঞ্জুর করেছিল, এটাকে তুচ্ছ মর্যাদা দিয়েছিল এবং পত্রিকার এক কোনে মাতৃভাষায় প্রবন্ধ লেখার অনুমোদন করেছিল, কারণ তাদের দৃষ্টিকোণ থেকে তারা এই নতুন জিনিসটিকে টিকে থাকার অনুমতি দিয়েছিল যেহেতু এটি ছিল তাদের জন্য সম্পূর্ণ ক্ষতিহীন এবং নতুন শক্তিও এতটুকুতে সন্তুষ্ট ছিল যে, মাতৃভাষার শুধুমাত্র টিকে থাকার অধিকার হলেও তারা অর্জন করতে পেরেছে।
গত ২ বছরে প্রলেতারিয় সাহিত্য আন্দোলনের ক্ষেত্রেও এমনটি ঘটেছিল। পুরাতন সমাজ শ্রমিক শ্রেণীর লেখাকে অনুমোদন করেছিল কারণ এটি তাদের জন্য আতঙ্কের বিষয় ছিল না। পুরাতন সমাজের কোন কোন লেখক আবার নিজেরাই শ্রমিক শ্রেণীর সাহিত্য লিখতে শুরু করেছিল এবং এটি ছিল তাদের অলঙ্কারের মত, যেমন কোন বড়লোকের বৈঠক খানায় চীনামাটির পাত্র বা এ্যান্টিকের পাশে শ্রমিকের ব্যবহার্য অমার্জিত বাটি রাখার মত।
কিন্তু যখন প্রলেতারিয় লেখকরা বিশ্ব সাহিত্যে ছোট একটা স্থান পেল এবং তারা তাদের পাণ্ডুলিপি বিক্রি করতে সক্ষম হয়ে উঠল তখন তারা সংগ্রাম বন্ধ করে দিল এবং সমালোচকরা আনন্দে বিজয় সংগীত গাইতে শুরু করল, ”প্রলেতারিয়েত সাহিত্য জয়লাভ করেছে!” কিন্তু কিছু কিছু ব্যক্তির এরকম সফলতা বাদ দিলে, প্রলেতারিয়েত সাহিত্য নিজে কী অর্জন করেছে? প্রলেতারিয় সাহিত্য হলো প্রলেতারিয়েতের মুক্তি সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশ, যা শ্রমিক শ্রেণীর সামাজিক শক্তি বৃদ্ধির সাথে সাথেই দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, কিন্তু সমাজে প্রলেতারিয়দের সামাজিক মর্যাদা যেখানে এত নিচু সেখানে বিশ্ব সাহিত্যে প্রলেতারিয় সাহিত্যের উঁচু স্থান লাভ করার অর্থ হলো প্রলেতারিয় লেখকরা প্রলেতারিয়েত থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং পুরাতন সমাজের দিকে ধাবিত হচ্ছেন।
দ্বিতীয়ত: আমি মনে করি আমাদের সংগ্রামের ক্ষেত্র বাড়ানো উচিৎ। গত বছর এবং তার আগের বছর আমরা সাহিত্যে কিছু সংগ্রাম পরিচালনা করেছিলাম কিন্তু তা ছিল খুবই সীমাবদ্ধ। পুরাতন সাহিত্য এবং পুরাতন মতের বিরুদ্ধে সংগ্রামের পরিবর্তে আমাদের নতুর লেখকরা এক কোনে বসে তাদের নিজেদের মধ্যে জোড়াতালি দেয়া শুরু করেছিলেন, পুরাতন সমাজ যা বেশ আয়েশের সাথে উপভোগ করেছিল।
তৃতীয়ত: আমাদের নতুন যোদ্ধাদের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের সংখ্যাই বাস্তবে খুব অপ্রতুল। আমরা বেশ কিছু পত্রিকা এবং সামান্য সংখ্যক বই প্রকাশ করছি। কিন্তু সেগুলোতে গুটিকয়েক লেখক লিখছেন, ফলে বিষয়বস্তু হাল্কা হয়ে পড়তে বাধ্য। কোন বিশেষজ্ঞ নেই, বরঞ্চ সবাই অনুবাদ, ছোটগল্প, সমালোচনা, এমনকি কবিতাসহ সব বিষয়ই লিখছেন। অবশ্যই এর ফলাফল খুবই করুণ। কিন্তু এর কারণ হল লেখকদের অভাব। যদি আমাদের অনেক লেখক থাকত তাহলে অনুবাদকরা অনুবাদের উপর, লেখকরা লেখার উপর, সমালোচকরা সমালোচনার উপর আরো মনোযোগ দিতে পারত এবং তাহলে যখন আমরা শত্রুর মোকাবেলা করতাম আমাদের লোকবল যথেষ্ঠ শক্তিশালী থাকত। ফলে সহজেই শত্রুদের পরাজিত করা যেত।
এ সম্পর্কে আমি বিগত সময়ের একটা ব্যাখ্যা দিচ্ছি। গত বছরের আগের বছর যখন Creation society এবং Sun society আমাকে আক্রমন করেছিল, তারা সত্যিই এত দূর্বল ছিল যে আমি এমনকি পরবর্তীতে তাদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম এবং তাদের পাল্টা আক্রমণ করার মত কোন ক্ষেত্র খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি অনুভব করেছিলাম যে তারা ব্যবহার করেছিল "ফাঁকা কলমের কৌশল”। শত্রুরা তাদের সৈন্য (সাহিত্যিক সৈন্য) নিয়োজনের পরিবর্তে হট্টোগোল বৃদ্ধি করার জন্য তাদের সামর্থ্য নিবেদন করেছিল। এবং যদিও তারা অনেক প্রবন্ধে আমাকে গালিগালাজ করা হয়েছিল, কিন্তু সেসবগুলো লেখা হয়েছিল ছদ্মনামে। সমস্ত গালিগালাজগুলো একইরকম কতগুলো মন্তব্য ছাড়া আর কিছু নয়। আমি মার্কসীয় পদ্ধতিতে সমালোচনা করতে পারে এমন কারো দ্বারা আক্রান্ত হওয়ার অপেক্ষা করেছিলাম, কিন্তু এমন কেউ আসেনি।
তরুণ প্রজন্মের যোদ্ধাদের শিক্ষিত করা আমি সবসময় গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং আমি নিজেও বেশ কিছু সাহিত্য গ্রুপ গঠনের চেষ্টা করেছিলাম যদিও এর কোনটিতেই লেখকের সংখ্যা খুব বেশি ছিলনা। কিন্তু ভবিষ্যতে এই বিষয়ের প্রতি আমাদের আরো মনোযোগ দেয়া দরকার।
জরুরী ভিত্তিতে নতুন যোদ্ধা গড়ে তোলার পাশাপাশি আমরা যারা সাহিত্যিক ফ্রন্টে নিয়োজিত আছি তাদের লেগে থাকার দৃঢ় নিষ্ঠা থাকতে হবে। এই দৃঢ় নিষ্ঠা বলতে আমি বুঝাচ্ছি আমাদের ঐসব রাজবংশীয় পণ্ডিতদের মত হওয়া উচিত নয় যারা অষ্টপদী প্রবন্ধ লিখত যেমন, ”দরজায় কড়া নাড়ার জন্য একখানা ইট”। এইসব প্রবন্ধ ছিল পণ্ডিতদের পরীক্ষায় পাশের এবং রাজসভায় চাকুরীজীবী হওয়ার উপায়। যদি একবার এসব ”উপস্থাপনা, বর্ণনা, যুক্তিতর্ক এবং উপসংহারের” মাধ্যমে পরীক্ষায় পাশ হয়ে যেত তখনই এসবকে ছুঁড়ে ফেলে দেয়া হত এবং বাকী জীবনে আর একবারও ব্যবহারের প্রয়োজন পড়তনা। এজন্যই এটাকে বলা হচ্ছে ”ইট” যা শুধুমাত্র দরজায় কড়া নাড়ার জন্য কাজে লাগত এবং একবার দরজা খুলে গেলে এটাকে সাথে নেয়ার পরিবর্তে ছুঁড়ে ফেলে দেয়া হত। এই রকম পদ্ধতি এখনো ব্যবহার করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে, কিছু মানুষ এক অথবা দুই খন্ডে কবিতা অথবা ছোট গল্প প্রকাশের পর চিরতরে অদৃশ্য হয়ে যায়। তারা কোথায় যায়? কয়েকটা বই প্রকাশ করে কম বেশি সুনাম অর্জন করার পর তারা অধ্যাপক হন অথবা অন্য কোন পেশায় চলে যান। যেহেতু তাদের নাম হয়ে যায় এবং তাদের লেখার আর প্রয়োজন পড়ে না। তাই তারা চিরতরে অদৃশ্য হয়ে যায়। এজন্যই চীনের সাহিত্য এবং বৈজ্ঞানিক প্রবন্ধের সংখ্যা এত কম। আমাদের এমন কিছু কাজের প্রয়োজন যা আমাদের উপকারে আসতে পারে। (লুণাচারস্কি প্রস্তাব করেছিলেন রাশিয়ান কৃষকদের চিত্রগুলো সংরক্ষণ করার জন্য কারণ বিদেশীরা তা কিনতে পারে এবং বিক্রিত অর্থ উপকারে লাগবে। আমার বিশ্বাস যদি আমরা সাহিত্যে এবং বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রাখতে পারি এটি আমাদের সাম্রাজ্যবাদ হতে মুক্তির রাজনৈতিক সংগ্রামেও সহায়ক হবে।) সাহিত্যের ক্ষেত্রে কিছু অর্জন করার জন্য আমাদের অবশ্যই লেগে ”থাকার” মানসিকতা থাকতে হবে।
সর্বশেষে, আমি যুক্তফ্রন্টের একটা সাধারণ উদ্দেশ্য থাকা আবশ্যক মনে করি। আমি স্মরণ করতে পারছি কেউ বলেছিল, ”প্রতিক্রিয়াশীলরা ইতোমধ্যে তাদের যুক্তফ্রন্ট গঠন করেছে, কিন্তু আমরা এখনও এক হতে পারিনি।” প্রকৃতপক্ষে, তাদেরটা সুপরিকল্পিত যুক্তফ্রন্ট নয়, কিন্তু যেহেতু তাদের একটা সাধারণ উদ্দেশ্য আছে এবং ধারাবাহিকভাবে কাজ করছে তাই তাদেরকে আমরা এক হিসেবে ভাবি। এবং ঘটনা হল আমরা ঐক্যবদ্ধ হতে পারিনা- এটাই বোঝায় যে আমাদের লক্ষ্য বিভক্ত। আমাদের মধ্যে কেউ কেউ ছোট ছোট গ্র“পে কাজ করছে অথবা কেবলমাত্র নিজেদের জন্যই কাজ করছে। যদি আমরা সবাই শ্রমিক এবং কৃষকের জন্য কাজ করতে চাই তবে আমরাও ঐক্যবদ্ধ হতে পারব-এটাই স্বাভাবিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

