একটা কম্প্যাক্ট ঘোরাঘুরির প্ল্যান আছে। মৎস্য জগতে খাই মাত্র দুটা জিনিস, চিংড়ি আর ইলিশ।
তো, খেয়াল করলাম, ইলিশ মাছটা নদীতে পেলে দেখতে হয় সবুজাভ-নীলাভ-চকচকে পীঠের আজব শাইনি রূপালি জিনিস। যেটা রান্নাঘরের বরফ দেয়া ইলিশে দেখাই যায় না। ম্যাদম্যাদে কালচে পীঠ, ততোধিক ম্যাদম্যাদে সাদাটে পেট। ব্যস।
প্রথম এই রহস্যের সন্ধান পাই বরিশালে পায়রা নদীতে। মাত্র ইলিশ ধরে নৌকা ভিড়ল, সাত-তাড়াতাড়ি সেই ইলিশ কেটেকুটে ভেজে খেয়ে যে মজা পেলাম তার তুলনা ভূ-ভারতে খুব কমই।
প্ল্যানটা শেয়ার করে ফেলি। খুব সস্তায়, খুব কম সময়ের ব্যয়ে যদি মাত্র-ধরা ইলিশ খাওয়া যায়, এর মূল্য জগতে খুব কমই হতে পারে, কী বলেন?
হ্যা, মাওয়াঘাটে যেতেই পারেন। কিন্তু এই তীব্র বর্ষায় না জেলে নৌকায় ওঠার সাহস পাবেন, না তাজা ইলিশ খাওয়া হবে। কারণ, ট্রলারও, মাশাল্লাহ, সকাল বিকাল ডোবে মাওয়ার ঘোলাজলে। বিশাল বিশাল ফেরিকে বিশ মাইল দূরে ঠেলে নিয়ে যায় স্রোত। তার উপর, মাওয়ার দিকে পদ্মার ইলিশ প্রায় নাই।
বলেন কী! তাহলে ঘাটে যে এত ইলিশ বিক্রি করে আর খাবার দোকানগুলোও যে ভরপুর?
ওই হলো... তারাও সেসব জিনিস কিনে আনে। দূর থেকে, বরফ দেয়া। মাওয়াতে টাটকা ইলিশ পাওয়া যায় না আজ কয়েক বছর হল। কমে এসেছে।
তাহলে আমাদের প্ল্যানটা কী?
আছেতো একটা। অল ফার্স্ট হ্যান্ড ন্যাচারাল প্ল্যান।
পনেরো থেকে বিশজন মানুষ চাঁদা দিব।
একটা ট্রলার ভাড়া করে রাখব আগেই, নারায়ণগঞ্জ টার্মিনালে যেটা অপেক্ষা করবে। ঢাকা থেকে ভোর ভোরে ট্রেন বা বাসে নারায়ণগঞ্জ, নামলেই পড়বে টার্মিনাল। সেখানে গিয়ে উঠব ট্রলারে। অবশ্যই, কিছু ট্রলার আছে যেগুলোর ছাদের মত ধাতব ছৈ বা শামিয়ানা থাকে, সেগুলো।
সাথে স্টোভ থাকবে, ট্রলার দিয়ে রওনা দিয়ে কিছুদূর গেলেই, কিলোমিটার দশ পনেরো পর ক্ষেতওয়ালা একটা জায়গায় নেমে প্রচুর সব্জি (যা পাওয়া যায়) কিনে নেয়া। থাকবে খিচুড়ির চাল-ডাল-মসলা। কালিজিরার ভর্তা। কুচানো নারিকেল। প্রচুর তরমুজ-বাঙ্গি লোকালি পাওয়া যাবে। ক্ষেত থেকে কিনে নিব এ ধরনের ফলমূল। কোথাও ট্রলার থামিয়ে বাড়িওয়ালার সাথে ভাব জমিয়ে পাকা আম অথবা কাঁচাই সই... প্রচুর ডাব বা নারিকেলও কিনে নেয়া। আবার এক জায়গায় বিরতি নিয়ে, আখক্ষেতের মালিকের সাথে ভাব জমিয়ে কিনব আখ। তবে একটা জিনিস নিয়ে যেতে হবে, তা হল, আনারস।
কিছু লাকড়ি খড়ি নিয়ে নিব। নিব ধাতব 'চান্দা', যার উপরে ইলশে কাবাব করা হবে।
সবই তো হল, এবার আসলটা। শীতলক্ষ্যা থেকে মেঘনার মোহনার দিকে যেতে নিলেই দেখা পাওয়া যাবে ইলিশ শিকারীর। পাশে ভেড়াব ট্রলার। ওরা দাম দিবে না আমাদের, তাতে কী, আমরা ঠিকই পটিয়ে ফেলব।
ছোট হোক আর বড়, ইলিশ মাত্র ধরেছে, এই বস্তু তুলেই কয়েকটা পদ করা হবে, প্রথমেই ফুটন্ত ভাতের হাঁড়ি থাকবে, সেই হাঁড়িতে ভাতের ভাঁজে ভাঁজে মাত্র কাটা ইলিশ একটু মসলা মাখিয়ে নামিয়ে দিব। হয়ে গেল বাঙালির সেই বিখ্যাত জেলে-ভাত। যে ভাত আমরা বাঙালি হয়েও কোনদিন খাইনি। এই ভাতটা হবে মেইন দুটা ফুডের একটা। অন্যটা, সবজি খিচুড়ি।
এবার, ভেজে নেয়া হবে মাত্র ধরা ইলিশ। সবার ভাগে যেন ভাতের হাড়ির এক পিস এবং ভাজা এক পিস করে পড়ে (মেঘনায় বড় ইলিশ জেলেরা দিবে না, মাঝারি-ছোটগুলোই চড়া দামে কিনতে হবে।)
তারপর, একটা প্রিপারেশন হবে আনারস-ইলিশ। কুচানো আনারসের সাথে সামান্য কুচানো নারকেলও দেয়া যেতে পারে। আরেকটা প্রিপারেশন হবে ইলিশ পাতুরি, প্রয়োজন লাউপাতা। হট স্পাইসি আইটেমটা কিন্তু বিকালের খাবারে থাকবে। সেটা পরে আসছে। এখন দুপুরের খাবারের কথা।
পাতে নিয়ে নিন প্রথমে ইলিশ-ভাতের সাথে এক টুকরা ভাজা। এরপরই যে কোন রান্না ইলিশ। আরেকটা প্লেট রেডি রাখুন যেখানে বাঙ্গি-তরমুজ-আম বা পারলে কাঁঠালেরও ছড়াছড়ি (একটা হবে দুপুরে, আরেকটা সন্ধ্যায়)।
আরো এডভেঞ্চার চাই? সঙ্গী দুজনকে সরাসরি ঢাকা থেকে তুলে দিন সোনারগাঁর বাসে। ওরা শীতলক্ষ্যার ওপাড়ে বন্দর হয়ে উঠে পড়বে ট্রলারে। টাইমিঙ ঠিক থাকলেই হল। সরাসরি সোনারগাঁ থেকে বিস্তর লিচু আনবে। লিচুর স্বর্গ সোনারগাঁ।
এরপর খাওয়া আর খাওয়া। দুই ঘন্টা ধরে শীতলক্ষ্যা-মেঘনার মোহনায় টালমাটাল পানি আর প্রকৃতি দেখতে দেখতে, সব উড়ানো বাতাসে ঘুরতে ঘুরতে।
আরো পাগল আছেন আপনি?
আরে সলুশন তো আমার কাছে। গামছা লুঙি নিয়ে গেছেন তো?
বৃষ্টি নামবেই। আপনি ট্রলারের ধাতব ছাদে উঠে ভিজবেনই।
আরো বেশি পাগলা?
ঝাঁপ দিন শীতলক্ষ্যার জলে। শীতলক্ষ্যা স্বচ্ছ্ব। এবং সেখানে ডুবে মরার আশা কমই, যেহেতু আপনার মাঝি আছে, আপনিও সাঁতার জানেন।
এরপর, বিকাল বেলা, বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে তক্কে তক্কে থাকুন, ততক্ষণে চাঁদপুরের দিকে চলে গেছেন, সেখানে আবার ইলিশ শিকারী। এবারের ইলিশকে ভিনিগারে একটু ভিজিয়েই সামান্য কেঁচা কেঁচা করে নিয়ে সস-সয়া সস সহ এক ফোঁটা টেস্টিঙ সল্টে নাইয়ে নিয়ে দু চার দানা মসলা গুড়া মিশিয়ে উঠিয়ে দিন বারবিকিউ শিকে। ততক্ষণে সন্ধ্যা এল এল।
বারবিকিউ হচ্ছে ইলিশ। ফ্রাইড আলু নিয়ে অপেক্ষা করছেন আপনি। এবং আমরা সবাই।
গান ধরেছে আমাদের সাথের অন্য কোন পাগলা। হয়ত প্লেটেই ঠুকে দিচ্ছে তাল। তীব্র বাতাস। দুই তিন ধরনের ন্যাচারাল ড্রিঙ্ক (নো কোক, অনলি ফোক)। একটা কড়া ডোজের কফি-রিলেটেড তো আরেকটা বাঙ্গি-তরমুজের স্ল্যাশ। তৃতীয় ড্রিঙ্কে কাঁচা আমের সাথে একটু আনারস মিশিয়ে বানানো তোফা স্ল্যাশ তো থাকবেই। বিটলবণ-পুঁদিনা-লেবু ও লেবুর খোসা স্বাদকুঁড়ি তুবড়ে দিবে। বারবিকিউ নামিয়ে নামিয়ে তুলে দেয়া হচ্ছে প্লেটে প্লেটে।
আমাদের ট্রলারে শুধু আগুনের আঁচ। সাথে করে নিয়ে যাওয়া হ্যাজাকটা এখনো জ্বালানো হয়নি।
হয়ত এই ফাঁকে আবারো ছাউনির উপরে উঠে গেছেন আপনি। ফোন খুলে খুব প্রিয় কাউকে একটা কল করার চেষ্টা করছেন। বলছেন, কী হল আজকে।
বাতাসের জন্য অন্যপ্রান্তে কিছু শুনতেই পাচ্ছে না সে। অথবা শুধুই চেয়ে আছেন দূরের কালো ঢেউগুলোর দিকে।
রাত ঘনানোর আগেই ফিরে আসা। আহ স্বপ্ন, স্বপ্ন বানাতে হয়, জীবনটাকে কোন না কোনভাবে অর্থবহ করার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


