এই পোস্ট লেখা শুরুর বড়জোর এক মিনিট আগে আমার বড় ছেলেটা বলল, একটা মেয়ের ভিতর জ্বিন ঢুকে গেছে, আর ও বাবা-মা'কে মেরে ফেলেছে। আমি কম্পিউটারে ছবি দেখেছি। ইরকম করে আছে।
ওর বয়স সাড়ে চার বছর। একটা মানুষ সারা জীবন কী করবে, কোন্ কোন্ ভয় আর কোন্ কোন্ আতঙ্ক তার ভিতরে ভর করবে, কোন্ কোন্ কু-সংস্কার আর নষ্ট ধারণার বীজ সে সারা জীবন বয়ে বেড়াবে, তা নির্ধারিত হয় এই বয়সে। তিন থেকে পাঁচ বছর বয়সে।
অমিত সম্ভাবনা নিয়ে জন্মানো শিশুগুলো এই তিন থেকে পাঁচ বছর বয়সেই পড়ে সবচে শক্তিশালী, জগদ্দল পাথরের তৈরি জিঞ্জিরগুলো। একজোড়া তুলতুলে ছোট্ট পায়ে তখন জিঞ্জির মনে হয় নূপুরের মতন। আস্তে আস্তে বয়স বাড়ে, পা-ও বড় হয়, আর পায়ের মাংস কেটে বসে এই ধাতব বাঁধন। এরই নাম সংস্কার।
এবং কু-ধারণা, অপবিদ্যার এইসব বস্তাপঁচা বোঝা ওদের মাথায় ঢুকিয়ে দেই আমরা। তাদের অতি নিকটের বাবা, মা, চাচা, ফুপি, দাদা-নানা এবং আজীবন আপনজনরা।
মানবশিশু অভিনেতা। গর্ভে থাকতেই তারা আমাদের কন্ঠস্বরের গঠন এবং আমাদের স্বররীতি বা ডায়ালেক্ট এমনভাবে টুকে নেয় যে, মানুষের জীবনে সবচে বেশি আপন হয় তার মা এবং মায়ের কাছের মানুষগুলোর ডায়ালেক্ট। এবং ইন ফ্যাক্ট, এটাই তার অস্তিত্বের অংশ হয়ে যায় মৃততুর আগ পর্যন্ত। কমবেশি ছমাস বয়স থেকেই তারা আমাদের মুখভঙ্গি নকল করে। মাস দশেক বয়স হলে আমাদের মত করে হাত ও পা বাঁকাতে চেয়ে না পেরে অন্য অঙ্গ দিয়ে সেটাকে বাঁকায়। এই ভয়ানক স্টেজের সবচে বেশি গুরুত্বপূর্ণ হল তিন থেকে পাঁচ। এ বয়সে তার মনে যে রোলে অভিনয়ের সম্ভাবনাগুলো ঢুকিয়ে দেয়া হয়, তারই কোন না কোন রোল সে পালন করে আজীবন।
ব্যক্তিগত জীবনে কিছু মানুষকে চিনি। এই মানুষগুলোর মনোজাগতিক গঠন আমাকে শিউরে তোলে।
১.
একটা মেয়ে, যার দু-তিন বছর বয়সে মা মারা যায়। বাবা তখনি বিয়ে করে। এবং নিজের অপরাধবোধ ঢাকতে বাবা কারণে অকারণে তাকে প্রচন্ডভাবে শারীরিক আঘাত করত। দরিদ্র।
মেয়েটাকে সাত বছর বয়সে কাজের মেয়ে হিসাবে পাঠানো হয়। বাচ্চাটা সর্বক্ষণ ভাল থাকে। সপ্তাহে এক থেকে তিনবার এমন সব কান্ড একাধারে করতে থাকে, যার ফলে তাকে শারীরিক আঘাত করার আগ পর্যন্ত কোন উপায় থাকে না। এই শারীরিক আঘাত না করলে সে এমনকি দুই-তিনদিন পর্যন্ত সব ওলটপালট করতে থাকে।
কিন্তু আঘাত করামাত্র, পনের মিনিটের মাথায় সে পুরোপুরি ঠিক হয়ে যায়। সবচে ভালভাবে কাজ করে, সবার সাথে অকল্পনীয় আন্তরিকতায় হেসেখেলে সময় কাটায় এবং এই ভাল থাকা দুই তিনদিন পরে পরের টার্ম আসার আগ পর্যন্ত।
২.
একটা ছেলেকে চিনি, যাকে চার বছর, পাঁচ বছর বয়সে বাবা তিনতলার ছাদে তুলে নিয়ে ফেলে দেয়ার হুমকি দিত। বাচ্চা ছেলে তো, বিশ্বাস করত, তার আপন জন্মদাতা পিতা তাকে ফেলে দেবে। তার বাবার চাওয়া একটাই, ছেলের সঠিকভাবে চলতে হবে এবং ক্লাসে ফার্স্ট হতে হবে। কারণ তাকে ডাক্তার হতেই হবে। এই বাবাটা ডাক্তার হতে পারেননি সামান্য ইন্টারভিউর গলদের জন্য। তিনি ঢাবি'র জুয়োলজির পড়ালেখাও ছেড়ে দিয়েছেন, অ্যাপ্রন পরা মেডিক্যাল স্টুডেন্টদের দেখে সমস্যা হত, এই কারণে।
বাবা তাকে ফেলে দেয়ার হুমকি দেয়ার পথে যেসব কথা বলতেন, সেগুলো হল, তুই কোন কাজের না, তোকে দিয়ে পড়ালেখা হবে না, জীবনে পড়ালেখা ঠিকমত করতে পারবি না, মাথার মধ্যে গোবর ভরা। এমন ছেলে আমার দরকার নাই, নি:সন্তান থাকব। অত:পর... ফেলে দিব।
এই ছেলে সর্বমোট আটবার ফেইল করে তার পড়ালেখার জীবনে।
৩.
আরো একজন। মেল। সে চার-পাঁচ বছর বয়সে শিশুদের পারস্পরিক দলবদ্ধ বিকৃতকামে জড়িয়ে পড়ে। সে জানে, বিকৃতাম খুব গুনাহর কাজ। এই কাজ যে করবে, তার দোজখে যাওয়া ছাড়া কোন উপায় নেই। সে খুবই খারাপ। তার আর কোন হোপ নাই।
সে যেহেতু খারাপ, তার যেহেতু আর বেহেস্তে যাবার আশাই নাই, সুতরাং। এই সুতরাং একেবারে তারুণ্য পর্যন্ত তাকে ভয়ানকভাবে ধাওয়া করে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এই মানুষগুলোর প্রত্যেকেই বিশ্বাস করে, এই ভয়ানক অপঘাতগুলো সে ডিজার্ভ করে। এবং ডিজার্ভ করা বস্তুগুলো যে কোনভাবে টেনে আনে নিজের জীবনে।
আমার ছেলে কেন্ বলবে, একটা মেয়ের ভিতর জ্বিন ঢুকে গিয়েছিল? কেন্ বলবে, একটা মেয়ে তার বাবা-মা কে হত্যা করেছিল?
এই ছেলে আজীবন জ্বীনের ভয় পাবে। এই ছেলে আজীবন অন্ধকারে ভয় পাবে। আমি এমন মানুষ দেখেছি, যারা অন্ধকারে ভয় পায় না, কখনো অলৌকিকে ভয় পায় না। তার কোন ধরনের একাকীত্বের ভয় নেই। কারণ, তার মা। তার মা কখনো তাকে এই ভয়গুলো পেতে দেয়নি। চটকানা মেরে দূরে সরিয়ে দিয়েছে মিসলিডিঙ আত্মীয়স্বজনকে।
এবং এই ছেলের মনে যেহেতু খুব দাগ কেটেছে বাবা-মাকে হত্যা করা, এই বিষয়টা তার মনে ঘুরবে। তার মত লক্ষ শিশুর মনে ঘুরবে বাবা-মা হত্যা করা। আগে বাচ্চারা বলত, এমন করলে আমি আত্মহত্যা করব, এখন বলবে, বাবা-মাকে মেরে ফেলব। ক্ষতি কী, বিষয় তো একই। নিজে আত্মহত্যা করলেও বাচ্চার বাবা-মা মারা যায়। আর বাবা-মাকে হত্যা করলেও নিজের আত্মহত্যা করা হয়।
যারা এইসব আইডিয়া আমার ছেলের মাথায় ঢুকিয়েছে, ভদ্র সমাজের জন্য তাদের গলা টিপে ধরতে পারলাম না।
ভদ্রতা আমাদের খেলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




