কয়েকটি অনলাইন নিউজ এবং সামাজিক যোগাযোগ সাইটে দেখলাম দেশের পাঁচটি জেলার (চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর, বগুড়া) নামের ইংরেজি বানান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।
চট্টগ্রাম কে ইংরেজিতে আগে Chittagong (চিটাগাং), কুমিল্লা কে Comilla ( কুমিল্লা) , বরিশাল কে Barisal (বরিশাল), যশোর কে Jessore (যশোর) এবং বগুড়া কে Bogra (বগুড়া) নামে লিখা হতো। বর্তমানে নামগুলোকে যথাক্রমে Chattagram, Kumilla, Barishal, Jashore এবং Bagura বানানে লেখার প্রস্তাব করা হয়েছে। উদ্যোগটি খারাপ নয়। তবে সংশোধিত বানান ব্যবহার করলে বেশি বিপদে পড়বেন পাঁচটি জেলার প্রবাসী নাগরিকগণ। পাসপোর্ট নবায়ন এবং অন্যান্য কাগজপত্রের নবায়নে জেলার নামের বানানের সংশোধন তাদেরকে ব্যাপক অসুবিধায় ফেলবে। কারণ যারা তাদের পাসপোর্ট নবায়ন করবেন সেখানে Comilla শব্দের স্থলে Kumilla শব্দ লিখলে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী লাখ লাখ কুমিল্লাবাসী তাদের বিদেশের কাগজপত্র নবায়ণ করতে পারবেন না। করতে হলে সকল কাগজপত্রে ( জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয় পত্র প্রভৃতি) Comilla শব্দের স্থলে Kumilla শব্দ সংশোধন করতে হবে। এটি সবচেয়ে কঠিন একটি কাজ হবে। এটি করতে গেলে বেশিরভাগ নাগরিককে দেশে আসতে হবে ; যা তাদের জন্য এক ভোগান্তির বিষয় হয়ে উঠবে(?)।
পূর্বে Dacca (ঢাকা) কে Dhaka(ঢাকা) -য় রূপান্তরের ক্ষেত্রে দীর্ঘ সময় প্রবাসী নাগরিকদের নানা ঝামেলা পোহাতে হয়েছে । অনাকাঙ্ক্ষিত অর্থ ব্যয়ের মাধ্যমে নব্বইয়ের দশকের পর এসে তার একটা সুরাহা হয়েছিলো । তখন বাংলাদেশে এতো কাগজী ঝামেলা ছিলো না। তবুও ভোগান্তি পোহাতে হয়েছে। আজকাল কাগজী ঝামেলা হলে সংশোধনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ পার করে তারপর মূল প্রক্রিয়ায় যেতে হবে। এ ক্ষেত্রে ব্যাপারটি নানামুখী জটিলতার কারণ হয়ে উঠতে পারে। দেশে এবং বিদেশে এই অনাগত ভোগান্তির পূর্ব প্রস্ততি না নিয়ে বানান সংশোধন প্রক্রিয়ায় অগ্রসর হওয়া যুক্তিযুক্ত হবে বলে মনে হয় না। এক্ষেত্রে পরিকল্পিতভাবে সামনে না এগুলে বানান সংশোধন গলার কাঁটা হয়ে দাঁড়াবে। যথাযথ প্রস্তুতির ব্যাপারে সংশ্লিষ্টমহল যেন সজাগ থেকে কাজটা করে তার আশা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
