বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থীর জন্য বাংলা/ইংরেজি স্বাক্ষরতা (literacy) ও একটি বঙ্গবিদ্যা কোর্সের পাঠদানের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
এর সপক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন জানাচ্ছে যে, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষা গ্রহণের প্রাথমিক পর্যায়ে বাংলা/ইংরেজি নামক একটি করে কোর্স পড়লে, তারা বাংলা/ইংরেজিতে কিছুটা দক্ষ হয়ে উঠবে। কিন্তু মঞ্জুরী কমিশনের এই উদ্যোগটি উচ্চশিক্ষা নীতি ও আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেননা ২/১টি কোর্স পড়িয়ে শিক্ষার্থীদের বাংলা/ইংরেজিতে দক্ষ করে গড়ে তোলা সম্ভব নয়।
তাছাড়া বাংলা/ইংরেজিতে দক্ষতা বিষয়ক শিক্ষা হলো- বুনিয়াদী শিক্ষার অংশ। শিক্ষার্থীরা এই শিক্ষা কালক্রমে একটি শিখন প্রক্রিয়াধীনে ধাপে ধাপে অর্জন করে থাকে। সেজন্য শিক্ষা-দর্শন অনুসরণে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে যে- এই বুনিয়াদি শিক্ষার কাজটি স্নাতক-পূর্ব শ্রেণিতে সম্পন্ন হয়। বর্তমান শিক্ষা ব্যবস্থায়ও বাংলা/ইংরেজি স্বাক্ষরতা অথবা বঙ্গবিদ্যা বিষয়ক কোর্স বিদ্যালয় পর্যায়ে পড়ানো হয়। আর এই শিক্ষার দায়িত্ব ন্যস্ত রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওপর।
মঞ্জুরী কমিশন যদি মনে করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব শিক্ষার্থী ভর্তি হয়, তারা বাংলা/ইংরেজিতে অথবা বঙ্গবিদ্যা বিষয়ে যথেষ্ট জ্ঞান সম্পন্ন নয়, তবুও এই বুনিয়াদি শিক্ষা দেওয়ার দায়িত্ব তাদের ওপর বর্তায় না। এক্ষেত্রে মঞ্জুরী কমিশন বরং এই বুনিয়াদি শিক্ষার ঘাটতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে পারে, যেন মাউশির মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরেই এই বুনিয়াদী শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো যায়। সে একই কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কোনো মতেই এই বুনিয়াদি শিক্ষার দায়িত্বটা নিজের ঘাড়ে নিতে পারে না।
উক্ত বিষয়টি বিবেচনায় নেওয়া হলে, বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে চালু বাংলা/ইংরেজি কোর্সের কারিক্যুলামের বিষয়বস্তু পুনর্বিন্যাস করা প্রয়োজনীতাটি আমাদের সামনে আসে।
এ সম্পর্কে আমাদের সামনে জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহরণ রয়েছে। সে সব বিশ্ববিদ্যালয়ের অনুসরণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা/ইংরেজি শিক্ষা কার্যক্রম পুনর্বিন্যাস করা যেতে পারে। এই পুনর্বিন্যাস অনুযায়ী বাংলা/ইংরেজি কোর্সের বিষয়বস্তু হবে নিম্নরূপ:
১) ইংরেজি বিষয়ের কারিক্যুলামের বিষয়বস্তু: ৪ বছরের জন্য নির্ধারিত সম্পূর্ণ সিলেবাস থেকে বিভাগ সংশ্লিষ্ট শাস্ত্রের text book থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ concept, term and terminologies
২) বাংলা বিষয়ের কারিক্যুলামের বিষয়বস্তু: ৪ বছরের জন্য নির্ধারিত সম্পূর্ণ সিলেবাস থেকে বিভাগ সংশ্লিষ্ট শাস্ত্রের পাঠ্যপুস্তক থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ শব্দ, ধারণা ও পরিভাষা।
বাংলা/ইংরেজি বিষয়ে দক্ষ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকগণই উক্ত দু'টি পাঠদানে নিয়োজিত হলে, একই সাথে জ্ঞানীয় প্রবণতা (scholstic apptitue) ও বাংলা/ইংরেজিতে দক্ষতা গড়ে উঠবে। কিন্তু বর্তমানে চালু বাংলা/ইংরেজি কোর্সের মাধ্যমে এই লক্ষ্য অর্জিত হচ্ছে না।
উক্ত বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগে বর্তমানে চালু বাংলা/ইংরেজি কোর্সের কারক্যুলামের বিষয়বস্তু পুনর্নির্ধারণ ও তা পাঠদানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় শিক্ষক নিয়োগদান করা হলে, বর্তমান বাংলা/ইংরেজি কোর্সের বিকল্প হিসাবে শাস্ত্র সংশ্লিষ্ট জ্ঞানীয় প্রবণতা বৃদ্ধিতে সহায়ক ভাষা শিক্ষাব্যবস্থা কায়েম হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২১ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



