মানুষের চোখের তারায় হরহামেশাই বন্দি হয় নানান রকম দৃশ্য৷ আবার তা মুছেও যায়৷ তবে এমন কিছু দৃশ্য আছে যা ব্যক্তির হৃদয়কে আলোড়িত করে৷ আর তা হয়তবা আজীবন চিরসজীব হয়ে থাকে ব্যক্তির স্মৃতিপটে৷ তবে মনের ফ্রেমে আঁকা চিত্র একান্তই নিজের৷ অন্যকারো সাথে এই চিত্রর সুখ দুঃখ, হাসি কান্না, কষ্ট, ঘৃনা, ভালবাসা, আবেগ অনুভূতি ভাগ করা যায়না৷ কারন সে চিত্র কাউকে দেখানো যায় না৷ একারণেই কোন বস্তু বা ঘটনার সত্যতা, বাস্তবতাকে যুগের পর যুগ ধরে রাখতে, একটি চিত্রের আবেদন ব্যক্তি পরম্পরায় চিরন্তন করে রাখার চিন্তা থেকেই হয়ত চিত্রকলার উদ্ভব৷ চিত্র যেমন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ করে তেমনি মানুষের আবেগ অনুভূতিও জাগ্রত করে৷ এমন কি মানুষের চিন্তা চেতনা, বোধবুদ্ধিকেও পাল্টে দিতে পারে৷ তবে এমন কোন বস্তু, ঘটনা বা কাহিনী যা ইতিহাস ঐতিহ্যের ধারক বা মানবীয় অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায় এমন চিত্র ক্যানভাসে ধারণ করার জন্য চাই অনুসন্ধ্যিত্সু, সৌন্দর্যপিপাসু ও সৃজনশীল চোখ৷
আজ একজন ইউক্রেনিয়ান চিত্রশিল্পীর কথা আলোচনা করব যিনি মোজাইক চিত্রকলায় গত একযুগ ধরে পারদর্শিতার স্বাক্ষর রেখে আসছেন। তাঁর সৃষ্টকর্মগুলো একটু দূর থেকে দেখলে মনে হবে যেন রঙ তুলিতে আঁকা। আসলে তা নয়। চিত্রকলায় ব্যবহার করেন শুধুমাত্র সমুদ্র সৈকত থেকে প্রাপ্ত সহজলভ্য উপাদান যেমন সামুদ্রিক; বালু, শঙ্খখোলক, স্ফটিকমণি, নুড়ি, তৃণ ইত্যাদি।
স্ভিয়েতলানা ইভানচেনকো, জন্ম এবং বেড়ে ওঠা ইউক্রেইনের দক্ষিণে অবস্থিত ক্রীম অঞ্চলের ইয়াল্টা (দ্বিতীয় মহাযুদ্ধকালীন যে শহরে স্ট্যালিন, রুজভেল্ট এবং চার্চিলের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল) শহরে কৃষ্ণ সাগর তীরে।
তিনি ইয়াল্টার প্রথিতযশা চিত্রশিল্পী সের্গেই বোকায়েভ এর স্কুল অফ আর্ট শেষ করে পরবর্তীতে ওই একই শহরে ফাইন আর্টের উপর মাস্টার্স ডিগ্রী প্রাপ্ত হন। বছরের বেশিরভাগ সময়ই সেখানকার আবহাওয়া সূর্যকরোজ্জ্বল। সমুদ্রের প্রতি গভীর টান থেকে তাঁর চিত্রে ফুটে উঠেছে সূর্যতুল্য ঝকঝকে চকচকে ভাব এবং সামুদ্রিক সুবাস।
তাঁর চিত্রকলা শুধুমাত্র রাশিয়া ও ইউক্রেইনেই সমাদৃত হয় নি, বরং এর ব্যাপ্তি ঘটেছে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায়। বর্তমানে বসবাস ও কাজ করছেন ইউক্রেনের দ্নীপেরপেত্রভস্ক শহরে। এখানেই তাঁর প্রথম চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর সৃষ্ট মোজাইক আর্ট অনেকের ব্যক্তিগত সংগ্রহশালায় রক্ষিত হচ্ছে।
তাঁর সৃষ্ট কিছু চিত্রকর্ম তুলে ধরলাম।
* ছবি এবং তথ্য রুশ ওয়েব সাইট থেকে নেয়া
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




