এক মেগা সিটি থেকে আরেক মেগা সিটি। নাহ! আশা ফুরায় নাই। লাল-লাল নীল্-নীল্ বাত্তি, গগনচুন্বি অট্টালিকা, তীব্র অসহনীয় যানজট, যত্রতত্র আবর্জনা ও ওপেন এয়ার শৌচাগার দেইখা নয়ন জুড়ায় নাই। খুব ভোরে তখনও পূর্ব দিগন্তে আলো ফোটে নি। কুর্মিটোলা বিমান বন্দরে অবতরণ করলাম। অত সকালে বিমান বন্দর বেশ ফাঁকা ফাঁকা এবং বেশ পরিচ্ছন্ন লাগছিল। চিরায়িত দালাল বাহিনী চোখে পড়ল না। এই দালাল বাহিনীকে ঘিরে গতবারের একটা মজার অভিজ্ঞতা আছে। সেটা একটু শেয়ার করার লোভ সামলাতে পারছি না, " কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক লাগেজ চেক হয়ে যাওয়ার পর ট্রলি ঠেলে এরাইভ্যাল লাউঞ্জ থেকে বের হবার মহূর্তে একজন অপরিচিত লোক এসে ট্রলির হাতলের ডান কোনা ধরে আমার সাথে সাথে চলেছে। জিজ্ঞেস করলাম, আপনে কেডা ভাইজান? উত্তরে বলল, সাহায্যকারী ক্রিয়া। আমি অত্যন্ত বিনয়ের সাথে বললাম ভাই সাহেব, প্রয়োজন নেই, আমি একাই পারব। তাছাড়া একটু দূরেই দেখি ছোট ভাই দাঁড়িয়ে হাত নাড়ছে। সন্মুখে অগ্রসর হতে হতে টাশকি লাগার মত অবস্থা! হাজার হাজার দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝে উৎসুকভরা নয়নে অবাক দৃষ্টি। যাহোক ছোট ভাই, আমি এবং অপরিচিত লোকটিসহ পার্কিং লটে পৌঁছালাম। সেখানে পৌঁছেই লোকটি একটু কাচুমাচু হয়ে বকশিস চাইল। বললাম, ভাই আমিই তো ঠেলে আনলাম আর আপনি শুধু হাতলের গা ছুঁয়ে ছিলেন। লোকটি নাছোরবান্দা। হালকার ওপর একটু তর্কাতর্কী শুরু হয়ে গেল। আশপাশ থেকে সম্ভবত তার দলের লোকজন জড় হয়ে তার পক্ষে ওকালতি করা শুরু করে দিল। ভাগ্য ভালো যে কয়েক মিনিটের মধ্যেই একজন পুলিশ কনস্টেবেল এসে হাজির। বুকে বল ফিরে পেলাম। পুলিশ চলে আসাতে লোকগুলো একটু শাসানো ভঙ্গিতে কিছু বলে চলে গেল। গাড়িতে উঠে রওয়ানা হবার প্রস্তুতি নিচ্ছি। দেখি পুলিশবাবু জানালা গলিয়ে হাত পেতে আছে। মহা মুশকিল! জিজ্ঞেস করলাম, আপনার আবার কী চাই? যদি খুশী মনে চা-পানি খাওয়ার জন্য কিছু দিতেন? কেন? উত্তরে যা বলল তা শুনেই আবারও টাশকি খাওয়া অবস্থা। শানে নজুল, পুলিশ ভাই যে গোলমাল মিটিয়ে দিয়েছে এবং আমাদের দুষ্ট লোকেদের হাত থেকে রক্ষা করেছে", এবার বুঝেন তাহলে পাঠকগণ। বিড়ম্বনা কাকে বলে!
১) ধামরাই এর পথে
২) ঝুল বারান্দা বা জানালার কাছে যাওয়া দায়! বদ্ধ জলাশয়ের পঁচা আবর্জনা থেকে উৎকট সুবাস!!
৩) পর্যাপ্ত পাবলিক শৌচাগার না থাকার ফল!
উড়োজাহাজ আরোহণ কার্ড, ইমিগ্রেশন এবং কাস্টমস ঝামেলা সম্পন্ন করে বাড়ির পথে রওনা দিলাম। এবার অবশ্য দেশের বাইরে থাকায় ছোট ভাই বিমান বন্দরে আসতে পারে নি। গাড়ির চালকই এসেছিল রিসিভ করতে। তীর বেগে ছুটে চলছি। ডানে বাঁয়ে তাকাচ্ছি। ঘুম ভাঙ্গা অচেনা শহরে এলাম নাকি! প্রায় এক যুগ পরে কিনা তাই হয়তবা!! ড্রাইভার সাহেবকে বিনয় সুরে অনুরোধ করলাম গাড়ি আস্তে চালাতে। কে শোনে কার কথা। ঠিক যেন ষাট সত্তুর দশকের ঢাকা শহরের বেবিট্যাক্সি চালকের মতো। আস্তে চালাতে বললে অতি জোরে বা শর্টকার্ট পথ দেখিয়ে দিলে ঘোরা পথে। এই রকম আরকি। পরে অবশ্য তার তীর বেগে ছুটে যাওয়ার কারণ বুঝেছিলাম। এমন ফাঁকা রাস্তা পাওয়া নাকি স্বপ্নের মতো। সেই সাত সকালে রেডিসন হোটেল এবং বিশাল বিশাল অট্টালিকা আর রাস্তার উভয় পার্শ্বে আবর্জনার স্তুপ ছাড়া অনেক কিছুই নজর এড়িয়ে গিয়েছিল ঘুম ঘুম চোখে।
৪) গুলশান ১ নং চত্ত্বরে রিকশা গ্রেফতারের দৃশ্য!
৫) আমি বন্দী কারাগারে! আছি গো মা বিপদে.....
শৈশব কৈশোরের বহু স্মৃতি বিজড়িত সেকেন্ড ক্যাপিটাল এলাকা। এ অঞ্চলেই জন্ম ও বেড়ে ওঠা। শৈশবে আছর ওয়াক্ত থেকে মাগরিব অব্দি নানাভাইয়ের তত্ত্বাবধানে কাজিনদের এবং পাড়াতো বন্ধুদের সাথে খেলতে যাওয়া, কৈশোরে সাঁতার শেখা, যৌবনের খানিকটা সময় আড্ডামারা যে জায়গায় – ক্রিসেন্ট লেক। বাসায় পৌঁছেই মন ছটফট করতে লাগলো কখন নাগাদ দর্শন মিলবে প্রায় একযুগ পর না দেখা স্থানটির। জার্নির ধকল কাটিয়ে উঠে বিকেল চারটা নাগাদ হেঁটেই বেরিয়ে পড়লাম। তর সইছিলনা কিছুতেই। বিজয় স্মরণী অব্দি সোজা হাঁটা পথ। তারপর বাঁয়ে বাঁক নিতেই চোখ জুড়ানো নয়নভিরাম অপার সৌন্দর্য্যের দৃশ্য! হ্রদের টলমল জল আর বসন্ত যৌবনের আগুন ঝরা কৃষ্ণচুড়ার সমন্বয় সত্যি ই অপূর্ব লাগছিল। কিছুক্ষণ আনমনা চুপচাপ কৃষ্ণচুড়া তলায় জলে পা দুটো ভিজিয়ে বসে থাকলাম। সমস্ত দেহমন পবিত্র সিক্ততায় ভরে গেল যেন। তখন মনে হচ্ছিল এবার আসলেই ঢাকা শহর এসে আশা ফুরিয়েছে।
স্মৃতির পটে জীবনের ছবি কে এঁকে যায় জানি না। কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। এই স্মৃতির ভাণ্ডারে অত্যন্ত যথাযথরূপে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হতে পারে কিন্তু ছবি দেখার একটা নেশা আছে। জীবনের প্রভাতে যে সব শহর এবং মাঠ, নদী এবং পাহাড়ের ভেতর দিয়ে চলতে হয়েছে, অপরাহ্নে বিশ্রামশালায় প্রবেশের পূর্বে যখন তার দিকে ফিরে তাকানো যায়, তখন আসন্ন দিবাবসানের আলোকে সমস্তটা ছবি হয়ে চোখে পড়ে। পেছন ফিরে সেই ছবি দেখার অবসর যখন ঘটল, সেদিকে একবার যখন তাকালাম, তখন তাতেই মন নিবিষ্ট হয়ে গেল।
*ভ্রমণকাল: শীত-বসন্ত
*২, ৩ এবং ৫ নং আলোকচিত্রগুলো বাংলাদেশ ভ্রমণকারী একজন রুশ ব্লগারের ওয়েবসাইট থেকে নেয়া। বাকী আলোকচিত্রগুলো আমার তোলা।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




