আওয়ামী লীগের কারো বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলে তাদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির দুই নেতা।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভা শেষে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন ও সভাপতিমণ্ডলীর সদস্য বাবু সতীশ চন্দ্র রায় সাংবাদিকদের এ কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে “বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা: সরকারের করণীয়” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় এই দুই নেতা বলেন, আওয়ামী লীগের কারো ব্যাপারে যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকলে তা অনুসন্ধান করা হবে।
ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, “অভিযোগ প্রমাণিত হলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হবে।”
মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এ ব্যাপারে প্রয়োজনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করবেন বলে সাংবাদিকদের জানান।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জামায়াতের সাত শীর্ষ নেতা ও বিএনপির দুই জনের বিচার চলছে ট্রাইব্যুনালে।
এছাড়া আখাউড়ার সাবেক আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ১২ ফেব্রুয়ারি দিন রেখেছে ট্রাইব্যুনাল-১।
প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে, তারা যুদ্ধাপরাধের বিচারের পক্ষে, তবে ট্রাইব্যুনালে ‘প্রকৃত’ যুদ্ধাপরাধীদেরই বিচার হতে হবে। আওয়ামী লীগের ভেতরেও যুদ্ধাপরাধী রয়েছে বলে অভিযোগ করে আসছে দলটি।
তবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের পক্ষে কাজ করেছেন মন্তব্য করে ইউসুফ হোসেন বলেন, এখন বিএনপি সে পথেই হাঁটছে।
সতীশ চন্দ্র রায় বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এক হয়ে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে রাজপথে থাকতে হবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



