আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, ‘রাষ্ট্রীয় বাহিনী পুলিশ যখন খোকা-নাসিম সাহেবের মাথা ফাটায়, তখন রাষ্ট্রীয় বাহিনী থেকে পুলিশ সরকারি দলের হয়ে যায়। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন, “বিরোধী দলের চিফ হুইপকে পেটানোর জন্য পুলিশকে পুরস্কৃত করা হলো”, তাহলে আমরা কোথায় যাব? তাই মানবাধিকার রক্ষায় পুলিশকে রাষ্ট্র থেকে নৈতিক সাহস দিতে হবে।’
আজ শনিবার দুপুরের দিকে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে মানবাধিকার সংগঠন ব্লাস্ট আয়োজিত ‘জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার পুনর্বীক্ষণ প্রতিবেদন’-এর ওপর মতবিনিময় সভায় এসব কথা বলেন সুলতানা কামাল।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া সম্পর্কে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। দীর্ঘদিন বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে এই বিচার। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তবে একজন মানবাধিকারকর্মী হিসেবে আমি চাই স্বচ্ছতার সঙ্গে বিচার সম্পন্ন করা হোক।’
আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিয়ে এ সরকারের আমলেই প্রশ্ন উঠেছে জানিয়ে সুলতানা কামাল বলেন, ‘এই সরকারই আদিবাসীদের অধিকার রক্ষার সংগ্রামে ছিল। হঠাত্ করে কেন তারা মত পালটাল—এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল খালিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, সিলেটের জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান আ ক ম মাহবুবুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খান, ব্লাস্টের সিলেটের সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী প্রমুখ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



