দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্বব্যাংকের কাছে মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি সরকারের সাথে জড়িত। দুর্নীতির বিষয় তদন্ত করে দুদক। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দুদকের পবিত্র দায়িত্ব।
বিশ্বব্যাংকের দাবি ছিল মামলায় একজনকে আসামি করা, দুদক তাকে কেন আসামি করেনি সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, দুদক প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু করবে না। যে পর্যন্ত না তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে ততক্ষণ দুদক তাকে শূলে চড়াবে না। দুদক কারও কাছে মাথা নত করে না, এটা তারই প্রমাণ।
দুদক চেয়ারম্যান বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করার পর একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) করেছে।
বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল এফআইআরটি ইতিবাচক হিসেবে নিয়েছে। তারা কিছু বিষয় জানতে আমাদের কাছে প্রশ্ন করেছিল। আমরা তার যথাযথ উত্তর দিয়েছি। তবে তার প্রতিউত্তর আমরা এখনো পাইনি। আমাদের এখন কাজ সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা। এরপর থেকে বিচারিক কাজ। পদ্মায় দুর্নীতির তদন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও পরিপূর্ণ করা আমাদের আইনানুগ পবিত্র দায়িত্ব। এই অনৈতিক কাজে যারা সম্পৃক্ত ছিলেন তাদের আইনের আওতায় আনবো।
বিশ্বব্যাংকের কাছে প্যানেলের রিপোর্ট দেওয়ার আগেই সরকার অর্থায়নের বিষয়টি ফিরিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নের সময় এবং সরকারের অর্থায়নের সময় এক না হওয়ায় সরকার শিগগিরই পদ্মা সেতু করার সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে দুদকের তদন্ত বিষয়ে যোগাযোগ রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক ও সরকারের মাঝে এ ব্যাপারে একটি এমওইউ হয়েছে। যতক্ষণ এমওইউ থাকবে, ততক্ষণ বিশ্বব্যাংক ও প্যানেল দুদকের তদন্তে সহায়তা করবে। সরকার, বিশ্বব্যাংক ও দেশের জনগণ চায় দুর্নীতির বিষয়ে সুষ্ঠ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



