ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন ব্যারোমিটার নেই আমার হাতে ;
যা আছে তা কেবল তোমার কালো আস্তিন থেকে নির্গত সোদা গন্ধ,
দেশ বিদেশের নামী দামী পারফিউম মেখেও যার তীব্রতা আজো নাসারন্ধ্রে প্রবল ধাক্কা দেয়,
জড়িয়ে রাখে বাবার ফেলে যাওয়া রেশম চাদর আদরে।
ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন রিখটার স্কেল নেই আমার হাতে ;
সম্বল বলতে কেবল তোমার ছুঁড়ে দেওয়া উপহাস;
তিন কোনা প্রেমের উপন্যাসে পুরো ১২০ ডিগ্রীই কব্জা করে রেখেছো।
কোন এক শ্যামল সুন্দরী গুপ্ত করা ৬০ ডিগ্রীতেও হানা দেয় অতর্কিত,
তুমি প্রহসোনের হাসি হাসো-এক অক্ষের মিলিত রেখা দুটো ভেঙ্গে চুড়মাড় হতে থাকে।
ভালোবাসা পরিমাপ করবার মতোন কোন থার্মোমিটার নেই আমার কাছে;
যেটুকু আছে তা শুধুই তোমার শরীরের উষ্ম আলিঙ্গন-
যার প্রতিটি ভাঁজে মেখে আছে আমার সফেদ মৃত্তিকার তীব্র পরাজয় ,
মানবীর অহর্নিশ হেরে যাওয়া ।
আমার অপেক্ষা আর তোমার উপেক্ষা ;
দু’য়ে মিলে কোন দিন যদি মাপক যন্ত্র আবিষ্কার করতে পারো ,
সেই দিন দেখে নিও –এ বিশ্বের সমস্ত যন্ত্র হার মেনে যাবে আমার আকুলতার কাছে।
শ্রাবণের তানপুরা হয়ে হয়তো বাজবেনা বাদলের পদধ্বনি ;
তবু এক গোধূলী লগ্নে আমি এখানেই ঠায় দাঁড়িয়ে থাকবো-
কোন এক অব্যর্থ মাপক যন্ত্রের আবিষ্কারের প্রতীক্ষায়।।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



