#
আমি যুদ্ধ দেখিনি
’৭১ এর অনেক পরে আমার জন্ম
প্রথম চোখ মেলে স্বাধীন বাংলাদেশকেই দেখেছি
বড়দের মুখে
শুনেছি মুক্তিযুদ্ধের গল্প
আর
যুদ্ধাপরাধীদের ঘৃণা করতে শিখেছি
জেনেছি ১৬-ই ডিসেম্বর যুদ্ধ শেষ হয়েছিল
১৬-ই ডিসেম্বর বিজয়ের দিন
আর কোনো যুদ্ধ করতে হবে না আমাদের এর পর থেকে
আমরা স্বাধীন
আমাদের সকল দুঃখের অবসান ঘটেছে এই দিনে
এখন কেবল উন্নয়ন আর উন্নয়ন আর
সুখ ও শান্তির বসবাস
পরম্পরায় আমার ছেলেকেও তা জানিয়েছি ও শিখিয়েছি
অথচ আজ একটি প্রশ্ন আমাকে আশ্চর্য ভাবে বিব্রত করেছে
আমি কোনো সদুত্তর দিতে পারিনি
স্বাধীনতার ৪৭ বছর পরও এই দেশে
কথিত বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে মানুষের মতো দেখতে কিছু প্রাণী
যাদেরকে আমরা ভাই বলে জানি সন্তান বলে জানি
বন্ধু বলেও জানি-
তাহলে যুদ্ধের শেষ কোথায়
এইসব প্রাত্যহিক যুদ্ধের অপরাধী আসলে কে
কারা-ই-বা রাজাকার আল-বদর আল-শামস এইখানে
এদেরও কি ফাঁসি চাইতে হবে আমাদের
০৬.০৪.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


