#
অলীক, কেমন আছো তুমি? ভাবছি
সব ফেলে চলে আসবো আবার তোমার কাছে। তাই তো
বুকের ভেতর পথ কেটেছি। দ্যাখো, কেটে কেটে বসিয়ে দিচ্ছি
পাথর।
সাদা পাথর
লাল পাথর
স্বপ্নীল পাথর
আর কিছু ধূসর পাথরও- পথে- বসিয়েছি
বসিয়ে দিচ্ছি বুকের ছায়াপথে।
কেমন আছো তুমি? ও আমার লুকনো আগুন
ও আমার অগ্নি
ভালো আছো তো?
একদিন চেয়েছিলে পোড়াবে আমায়- এই
ধ্যানমগ্ন শহরে আনবে ঝলসানো বিক্ষোভ মিছিল
রক্তবীথি-
প্রশান্ত নদে আনবে জোয়ার-ভাটা
প্রিয় খেয়ানৌকোটিকে করে দেবে দিকভ্রান্ত
আর একদিন
আমার বালকসুলভ হাতের দিকে তাকিয়ে খুব হেসেছিলে
আমার আঙুলগুলোর আলতো স্পর্শ
আমার অপরিপক্ক মুঠোয় তোমার সেই কলমীলতা-মন-
আমি আজও ভাবতে পারি
কেমন আছো তুমি?
ভালো আছো তো?
কোথাও কি বাজ পড়লো? হায় ! আকাশের ওপারে
অন্তরীক্ষে
অন্তরীণ আমার স্বপ্নেরা
আমাদের অন্তর্গত ইচ্ছেরা
এসো, এই মেঘ এই গর্জনে ভেঙে পড়ো
বুকের ভেতর পথ কেটেছি- আছড়ে পড়ো
অগ্নি
ও আমার অগ্নি
২০.০৫.২০১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


