কোন এক অমানিশায়
--------------------- মোঃ রুহুল আমীন ।
রাতের দ্বিপ্রহর
নিঃশব্দে কখন যে গত,
তা বুঝিনি একটুও ।
মাঝেমধ্যে শুনি শুধু
বাদুরের ঝাপটা দাপাদাপি
উঠানের পেয়ারার ডালে ।
থাকি থাকি
বাঁশঝাড়ে ডাকে কুকপাখি ;
জানান দিয়ে যায় অজানা শংকার ।
আকাশের নক্ষত্র অযুত
আজ আমার রাতজাগা সাথী ।
শরৎ বাবুর “আঁধারের রূপ”
খোঁজে খোঁজে ক্লান্ত ওরাও
আমারই মতন ।
যেন কার বাসনার ইন্দ্রজালে
আমি আজ সংরুদ্ধ একা,
কামতাপে ছটফট সারারাত
নিঃসঙ্গ শয্যায় ।
অভিমানে তুমি আজ প্রতিপদের চাঁদ,
স্বেচ্ছা-অন্তরীণ আলোর পশ্চাতে ।
দেহলিতে আলোলায়িত তামসীর গায়
জড়াও চুপিসারে তারকিনীর নক্সীচাঁদর,
আমাকে প্রলুব্দ কর কিংবা বিদ্রুপ ।
শিশিরের ঝাপটা দিয়ে চোখে
নিদ কেড়ে নাও,
খপুষ্পের বাহারী বজরা ভিড়াও
কুয়াশাবৃত অগম্য তটে ।
দূর দ্যুলোক হতে বিশাখার আঁখিঠারে
আমাকে বিভ্রান্ত কর,
কামনার চিতায় দাও ঘৃতাহুতি,
কষ্ট দিয়ে বুঝাতে চাও তোমার অভাব ।
ভাব, আমি এর বুঝিনা কিছুই ।
ক্রমশঃ শেষ হয়ে আসে রাত,
তবুও অপেক্ষা অশেষ ।
প্রভাতে শিশিরে শিশিরে
দীপিত তোমার উপহাস,
কপট উল্লাস ।
---*---

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



