পহেলা শ্রাবণ
-------------- মোঃ রুহুল আমীন ।
আজ পহেলা শ্রাবণ ।
গগন ঘনাবৃত চারিদিকে,
ধূসরে ধূসরে নীলিমার অপসর,
নক্ষত্র-গ্রহ অনন্যোপায়-
অন্তরীণ অদৃশ্যলোকে ।
শুধু থাকি থাকি
মেঘমন্দ্রে বিধূত ভূ-তল,
তনুমধ্যা স্রোতস্বিনী
উতল জোয়াড়ে স্ফীতবক্ষা,
যৌবনবতী ।
প্রকৃতি ব্যস্ত দিনমান
পূণ্যস্নান আয়োজনে ।
বৃষ্টি পরিমল ঢালে গঙ্গোদক
বিবসিনী বপুষ্মতী বনানীর গায় ।
বৃষ্টির ফোঁটায় শিহরিত সরোবরে
উর্মিল ছন্দে দোলে রক্তকমল
যেন সে ষোড়সী এক ত্রিদশবনিতা ।
অতনু ত্রিযামায় চুমে যায় তারে
অলক্ষ্যে সবার ।
কচুরিপানার ফুলে- চন্দ্রকে
কলাপীরা উল্লাসে পেখম মেলে-ধরা,
সিক্ত সোহাগে ডালে ডালে
দোল খায় কামিনী নিয়ানী,
গৃহছাদে, তরু-লতার পত্রপল্লবে
অবিরাম বৃষ্টির স্বনন
যেন
মেঘাবৃত শ্যামাঙ্গী শ্রবনার
রসোত্তীর্ণ শোহিনী মূর্ছনা ।
মন্থর গতিতে গড়ায় বেলা,
ক্লেদাক্ত পিচ্ছল ভূ-তলে
কম্পিত পায় আসে ধীরে ধীরে
শঙ্কিত রাত ।
বর্ষণ বিভোল বিভাবরী
যেন আর না চায় পোহাতে ।
---*----
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




