স্বাধীনতা তুমি, কিছুই তো দিতে পারোনি
যে সুখের আর যে আশার স্বপ্ন জড়িয়ে, স্বাধীনতা তুমি এলে
আজন্ম অসহায় হা ভাতেদের মুখে একমুঠো ভাত দেবে বলে
সে সূর্য্যের উদয় হয়নি তো আজো, মাতৃভুমি এ প্রিয় বাংলায়
যে রক্তিম সূর্য্যকে এখনো জড়িয়ে রেখেছি বাংলার পতাকায়
তুমি এলে তাই, আনন্দিত প্রানে লাল সবুজের পতাকা ওড়াই
অশান্তির ঊষর মরু আজো চারপাশে, শান্তি সবুজ কোথা পাই
তুমি এলে তাই, “অঘ্রানে তোর ভরা ক্ষেতে”র গানে সূর তুলি
পেট ভরা ক্ষুধা আজো তাড়িয়ে ফেরে, সূর হারায়, তাল ভুলি
তুমি এলে তাই, ক্ষুদ্র এ হৃদয়-ভিটায় অসংখ্য কুটির বাঁধি
সে কুটির জুড়ে আজো নিরন্ন মানুষের হাহাকার লয়ে কাঁদি
স্বাধীনতা তুমি, কিছুই তো দিতে পারোনি, তাদের দু’হাতে
মুক্তির আশা নিয়ে যারা বেঁচে আছে সুদিনের প্রতিক্ষাতে
হ্যাঁ দিয়েছো, মাতৃ আচ্ছাদন বিক্রয়কারি বুভুক্ষু একদল
পরান্ন ভোজি দালাল, দু’চোখ যাদের সর্বদা কুম্ভিরাশ্রু সজল।
একটি আনন্দ বাজার সনদের আশায় যারা ঘোরে হন্য হয়ে
তোমার দেহ, তোমার আঁচল আর আভরন বিক্রির বিনিময়ে
লোক দেখানো তোমারই চেতনা মোড়ায় দেহের বহিঃত্বকে
অন্তরে লালন করে যায়, তোমাকেই বিলিয়ে দেবার স্পৃহাকে
স্বাধীনতা তুমি, কিছুই তো দিতে পারোনি, তাদের দু’হাতে
মুক্তির আশা নিয়ে যারা বেঁচে আছে সুদিনের প্রতিক্ষাতে
হ্যাঁ দিয়েছো, ধর্মের আলখেল্লা পরা একদল ধর্মহীন পাশব পাষাণ
ধোলাইকৃত বিকৃত মস্তিস্কের নির্দেশে হনন করে সেরা সৃষ্টির প্রাণ
মানবতাবোধ আর ধর্মবোধ ধারন করতে পারেনা যাদের অন্তর
যারা দানবতা কে তাদের ধর্ম মেনেছে, মানবতাকে করেছে পর
যে সুখের আর যে আশার স্বপ্ন জড়িয়ে, স্বাধীনতা তুমি এলে
আজন্ম অসহায় হা ভাতেদের মুখে একমুঠো ভাত দেবে বলে
সে সূর্য্যের উদয় হয়নি তো আজো মাতৃভুমি এ প্রিয় বাংলায়
যে রক্তিম সূর্য্যকে এখনো জড়িয়ে রেখেছি বাংলার পতাকায়
আজো আশা বেঁধে রাখি পূব দিগন্তে উদিত হবে সে দিনমণি
অন্ধকার দূর করে আলোকিত হবে বাংলাদেশ, আমাদের জননী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


