নেপথ্যের কথা
----শাহজাহান পারভেজ রনি
মানুষ ছিলাম, তুমি বললে মৃত্তিকা হও
হয়ে গেলাম
সুপ্রসিদ্ধ চাষার মতো কর্ষণে কর্ষণে
জো এনে মাটিতে তুমি বীজ ছড়ালে
অত:পর বিরান বিজনে
আমি প্রাণ ফিরে পেলাম।
মানুষ ছিলাম, তুমি বললে আঁধার হও
হয়ে গেলাম
নেশাতুর মাতালের মতো সংজ্ঞা হারালে
ছড়ালে বক্ষবাটিতে উদোম উল্লাস
অত:পর রাত ফুরোলো
আমি আমার আমিতে বিলীন হলাম।
মানুষ ছিলাম , তুমি বললে পাখি হও
আমি পাখি হলাম
তারপর অনেকগুলো বসন্তের কসম কেটে
নিজেকে তোমার পোষ্যপ্রতিম করে তুললাম
অত:পর একদিন, নিজেকে খুঁজে পেলাম
ব্যালকনিটার ঝুলন্ত অর্কিডের পাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




