রবিন ভাই ক্লাস নাইনে পড়ার সময় ব্লেডে হাত কেটে লিখেছিলেন
নিভা, এত কষ্ট ক্যানো ভালবাসায় ?
অনেক ছোট ছিলাম, প্রেম-ভালোবাসা বুঝিনা তখন, তবে বুঝতাম
অনেক কষ্টে থাকেন তিনি ! কথাচ্ছলে একদিন রবিন ভাই বলেছিলেন
যেদিন ভালবাসবি, সেদিন তুইও বুঝবি এ যাতনা ক্যামন ?
রবিন ভাই বিয়ে করেছেন, ফুটফুটে একটা মেয়েও আছে তাঁর
সারাদিন এ ঘর-ওঘর ময় ছুটোছুটি করে বেড়ায় ।
ভাবীকে অনেক ভালবাসেন রবিন ভাই, ভাবীও তাই । তবুও
নিভার কষ্টটা রবিন ভাইয়ের নাকি এখনো আছে ! থাকবেও
নাকি আজন্ম !
ভালোতো তোমাকে আমিও বেসেছিলাম তবে রবিন ভাইয়ের মত
ব্লেডে হাত কেটে লিখতে পারিনি, অর্ষা, এত কষ্ট ক্যানো ভালবাসায় ?
কথাচ্ছলে রবিন ভাই বলতেন
যেদিন ভালবাসবি, সেদিন তুইও বুঝবি এ যাতনা ক্যামন !
তবে, আমি কাউকেই তোমার কথা, আমার কথা, আমাদের কথা
বলিনি । আমি বলতে পারিনা ! শত্রু-মিত্র তফাত না বুঝে চলে যাওয়া
তুমিতো আজো আমার চিরকালীন আক্ষেপ !
সবাই স্বাভাবিক হয়ে যায়, সময়ের পরিক্রমায় যেতে হয়, রবিন ভাইও
ফিরে গেছেন স্বাভাবিক জীবনে !
অথচ, শুধু আমিই ক্যানো ভুলতে পারিনা, আমিই ক্যানো
স্বাভাবিক হতে পারিনি, আমিই ক্যানো আজো তোমার স্মৃতির
সম্মুখে অপেক্ষমাণ ?
আমার এই একাকী যাত্রায়, এই নিঃসঙ্গতায় ঘুরে ফিরে তোমার স্মৃতির
সম্মুখে আজো আমি নিজেই নিজের আততায়ী হয়ে দাঁড়াই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



