বাংলাদেশ, তোমার সন্তানেরা আজ বিভক্ত হয়ে গেছে
ভাগ হয়ে গেছে ব্যাক্তিস্বার্থে ; মালিকানা চায় তোমার
কলজের । একদল বিশ্বাস পোষে ধর্মতন্ত্রে, আরেক দল
প্রভুতন্ত্রে । আহা ভেলকি !
বুঝি, রাক্ষুসে ক্ষুধা ফেরি করেই জীবন ।
যেন, সূর্যদেবতা এক কোটি ভয়ঙ্কর ডায়নোসোরকে
তুষারপাতের বিভীষিকা থেকে মুক্তি দেবে বলে প্রতিজ্ঞাবদ্ধ ।
অথর্বের দল রটায় জল্পনা কল্পনা জন্ম রহস্য নিয়েও তোমার ।
আলোচনার ঝর তোলে চায়ের টেবিলে । আমার দুঃখ,
মাতৃগর্ভে অন্ধকারে ছিলাম এখনো বয়ে চলছি প্রতিনিয়ত ।
আহা ভেলকি ! অথচ, সীমাহীন অন্ধকার আঁকরে তোমার
বীরেরা দাঁড়িয়ে থাকে দ্বিধাগ্রস্ত ক্ষুধা, মৃত্যু, বেদনার কাঠামোয় ।
নিদারুণ দুর্ভাগ্যে-
স্বপ্নময় নতুন বাংলার স্বপ্ন প্রবঞ্চকদের ষড়যন্ত্র ও নির্মমতায়
ভয়ানক অনিশ্চয়তায় ভাঙতে ভাঙতে টুকরো করে দেয়
পঞ্চান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম বিস্তীর্ণ মানচিত্র !
২৫শে মার্চ ২০১৩
বিকেল, উত্তরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





