তোকে ভালোবাসি বলতে যতটা সাহস দরকার
ততটা সঞ্চয়ে ছিলো না কখনোই
অতটা ছিলোনা বলেই
নিজেকে লুকিয়েছিলাম তোর কাছে
সঞ্চয়ে অতটা ছিলো না বলেই
নিজেকে লুকিয়েছিলাম আমি নিজের কাছেই !
কতবার ভেবেছি এবার দেখা হলেই স্ট্রেটকার্ট
বলে দেবো
বুকের গভীরে রেখেছি কোথায়
বলে দেবো কতটা সযতনে রেখেছি লুকিয়ে
বলে দেবো অতটা সাহস কিংবা বিশ্বাস সঞ্চয়ে
ছিলোনা বলেই
গোপনে গোপনে রেখেছিলাম সযতনে বুকে এই !
ভেবেছিলাম এবার দেখা হলেই বলে দেবো
জড়তা ভেঙে,
বলে দেবো ভালোবেসে
বুকের গভীরে রেখেছি কোথায় !
এবার জানাবোই ভেবেছিলাম
অথচ, কাল খুব করে বৃষ্টি এলে আকাশ ভেঙে
হাঁটাপথে একা, ভিজে জুবুথুবু তোকে
ছাতায় আড়াল রেখে এগিয়ে দিতে
কথাচ্ছলে জানালি, মধ্য এপ্রিলে বিয়ে করছিস,
ইনভাইটেশন কার্ড পেয়ে যাব কয়েকটা দিন পরেই !
খুব বেশী একটা খারাপ লাগেনি কথাটা শুনতে
না, সত্যিই লাগেনি
শুধু খানিকটা কষ্ট লেগেছিলো কংগ্রাচুলেশনস বলতে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



