তোমাকে দেখলে মনেহয় যেন তুমিই সেই নদী‚ যেখানে বেগুনি আর সাদা কচুরিপানার ফুল ভেসে যায় । অথচ কতদিন হলো নদী দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই ঐ নীল আকাশ‚ যেখানে রং-বেরঙের ঘুড়ি ওড়ে । অথচ কতদিন হলো নীল আকাশ দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই পাহাড়ি ঝর্ণা‚ বয়ে যাও অবিরাম । অথচ কতদিন হলো ঝর্ণা দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই ঝুম বৃষ্টি‚ ঝরে পড়ো মুষলধারে । অথচ কতদিন হলো ঝুম বৃষ্টি দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই জোছনা—একটা বিশাল থালার মত জোছনা‚ চারিদিকে মিষ্টি আলো ছড়াও । অথচ কতদিন হলো জোছনা দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই পাহাড়‚ ঠাঁয় দাঁড়িয়ে থাকো নিশ্চুপ হয়ে । অথচ কতদিন হলো পাহাড় দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই মধ্যরাতের তারা—আকাশভরা তারা‚ মিটিমিটি করে জ্বলো সারারাত । অথচ কতদিন হলো তারা দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই ঝাউবনের জোনাকি‚ দল বেঁধে আলো ছড়াও । অথচ কতদিন হলো জোনাকি দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই শরতের শুভ্র মেঘ‚ সারি সারি হয়ে উড়ে বেড়াও । অথচ কতদিন হলো মেঘ দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই বৃষ্টিতে ভিজে থাকা থাকা কদম ফুল । অথচ কতদিন হলো কদম দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই নরম দূর্বাঘাস‚ যেখানে প্রতিদিন সকালে শিশির জমে থাকে । অথচ কতদিন হলো দূর্বাঘাস দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই বকুল ফুল‚ সকাল হলেই কি সুন্দরভাবে বিছিয়ে থাকো । অথচ কতদিন হলো বকুল ফুল দেখিনা!
তোমাকে দেখলে মনেহয় তুমিই সেই দূরের কেউ—অন্যের কেউ‚ কারোর বুকে মাথা রাখো—ভালো আছো—আনন্দে আছো—শান্তিতে আছো । তাইতো কতদিন হলো দেখিনা তোমায়!
এইতো সেই তুমি যাকে ভালোবাসি বলে ভালো থাকতে বলি— প্রার্থনায় সঁপি—ভালো থাকতে দূরেই থাকতে বলি...
“কতদিন হলো”
—সাব্বির আহমেদ সাকিল
৩০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | শনিবার | রাত্রি ১১ টা ৫৪ মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



