কাজী সায়েমুজ্জামান
এই উদাস মনে ফেরারী রঙ্গিন রিমঝিম আলোড়ন,
আমার অনুভবে কতটা শূণ্যতা জানিয়েছে কাশবন।
মিত্রের খোজেঁ কবিতার শব্দ অভিধানজুড়ে বনবাসী
বৃষ্টি শেষে আকাশে মিশে গেছে রংধনুর শেষ হাসি।
একা হেটে গেছি দূরে সাথী বেহিসাবী সীমাহীন পথ
আমার স্বপ্নেরা মেঘের পাজরে লিখে নাই ভবিষ্যৎ।
বেমালুম ভুলে গেছি কোথাও লিখিনি তোমার নাম
মানবী এ অবেলায় আমি তবু তোমাকেই ডাকলাম।
এই হাত ধরে চলো যাই জানালার পাশে গিয়ে বসি
কুয়াশা চাদরে কিভাবে ছড়ায় সূর্যের আলোক রশ্মি।
ভোরের আলোতে জীবন পেয়ে শিশির দিয়েছে ডাক
তার শীতল সুখ স্পর্শ চিরদিন অনুভবে বেচেঁ থাক।
নদীর দুকূলে প্লাবনের উচ্ছ্বাস উপচে পড়া কলতান,
বোহেমিয়ান এই আমিও শেষে জড়িয়ে ধরেছি গান।
বুক পকেটের ভেতরে গাঁথা সেই বেদনার নীল খাম
মানবী, অসময়ে খাম খুলতেই তোমাকে ডাকলাম।
চুয়াডাঙ্গা, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
রাত ২.০০টা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




