কাজী সায়েমুজ্জামান
আজ এই গভীর রাতে নিস্তরঙ্গ যমুনার একাকী জোৎস্না স্নান,
অনুভবে বলে যায় পৃথিবীর সব আয়োজন আসলেই বেমানান।
এই বেদনার কোন ভাষা নেই, বেপরোয়া চারদিক ভ্রুক্ষেপহীন,
উদাস মরমী মন বলে আজকেই আমার সন্যাসি হওয়ার দিন।
আমি চেয়ে চেয়ে দেখি সবার অলক্ষে ঝাপসা হয়ে আসে চোখ,
নদীর জলের ঘোলা এনে দেয় বুকে পাঁচ বছর আগেকার শোক।
তার দেখা নিয়তির কোন পাতায় ছিল বলো বিশাল জলরাশি,
আমাকে ছেড়ে গেছে; এখনো তাকে কেন এত বেশি ভালবাসি।
এ চোখের গভীর জলে তার উদ্ভব কেউ দেখেনি শুধু আমি ছাড়া,
এভাবে পাজর ভেঙ্গে ক্ষত বিক্ষত বইছে আরেক যমুনার ধারা।
এত মিল যখন যমুনা তোমার সাথে আমার মিতালী হয়ে যাক,
যত কষ্ট আছে সব তোমাকেই দিয়ে বাড়াবো জলের ঘূর্ণিপাক।
যমুনার অব্যক্ত ভাষায় জেনেছি কিভাবে বিদেহী আত্মারা ধীরে,
জমাট বাঁধানো দীর্ঘশ্বাস সব একইসাথে ছুড়ে ফেলে দেয় তীরে।
আমাকে ছুঁয়ে ছুঁয়ে নদীর দুইপাড় জানিয়েছে ওপারের আহবান,
উপচে পড়া ঢেউয়ের শব্দ গেথেঁ বেঁধেছি এই শেষ প্রণয়ের গান।
পাখিদের মতোই আমার মরণ চাই; সবার অগোচরে-অন্তরালে,
মরণের পর আমি একা যেন অজানায় ভেসে যাই যমুনার জলে।
১০/১০/২০১৩
পাটুরিয়া ফেরী
রাত: ২.০০
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


