আমি এখনো তোমার আছি
কাজী সায়েমুজ্জামান
(উৎসর্গ: রুমানা শবনম, আমার বার্থডে মেট)
এখনো জানিনা কোথায় শেষ আমার অনিশ্চিত পথ,
কলমের একটানে লিখে দিতে পারি আধার ভবিষ্যৎ।
বড় ভুল করে হেসে যাই, ভাবি- সবকিছুই মূল্যহীন,
এখনো পালা করে গল্প-কবিতা লিখে যাই প্রতিদিন।
আগের মতোই এখনো সত্যিটা সহজে বলতে পারি,
এখনো আঘাত পেয়ে কষ্টগুলো ভুলে যাই তাড়াতাড়ি।
বাজির টেবিলে সবকিছু ছেড়ে দিতে পারি নির্দ্বিধায়,
এখানো শুন্যহাতে হাটি ভুল পথে যেদিক দুচোখ যায়।
কলমের তীর, ট্রিগারে আংগুল থোড়াই পরোয়া করি
এখনো ভালোনালাগা মুখের উপর বলে দেই সরাসরি।
আকাশের সাথে আড়ি চলে দিনভর বৃষ্টির সাথে মান,
এখনো জোৎস্নায় মাখামাখি গলায় বেসুরে গাই গান।
তবুও অকারণ চাপা নিশ্বাসে কেপেঁ ওঠে -এই বুক,
এখনো যতো ভুলে যেতে চাই- মনে পড়ে সেই মুখ।
বিরহকে পাশে রেখে একা- নিজের মতো করে বাচিঁ,
মানবী তুমি দেখে যেও, আমি এখনো তোমারই আছি।
২২ নভেম্বর, ২০১৪
রাত ১২.০১ মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



