সেরা ইতিহাস
এক মহামানবের গল্প শোনাবো অবনত শ্রদ্ধাভরে
তার যত কীর্তি খোদিত আছে মহাকাব্যের অন্দরে৷
তিনি জুড়ে আছেন আত্মপরিচয়ে উৎস আর উদ্ভবে
সব মতপথের শেষ প্রান্ত তিনি এখানেই থামতে হবে৷
তার নেতৃত্বে একটি জাতিকে দিয়েছিলো স্বাধীনতা
শোষিতের পক্ষে অত্যাচারীর মানেন নি অধীনতা৷
বাংলায় এমন বজ্রকন্ঠের ডাক কেউ শুনেনি আর
আঙ্গুলের হুংকারে আলোকিত হয় গাঢ় অন্ধকার৷
ব্যক্তিত্বে প্রজ্ঞায় রাজসিক উচ্চতায় জীবন্ত হিমালয়
অন্যরা যারা বেঁচে ছিলেন আসলে সেটা তাঁর সময়৷
বিশাল হৃদয়টায় আকাশের মতো জায়গা ছিল তাঁর
শত্রু ধরে বুকে টেনে নিতেন; ক্ষমা দিতেন উপহার৷
পরাজিত শত্রু হেরেছিল বটে তবুও কৌশলে ধীরে
ষড়যন্ত্রের জাল বুনা হয় তার এই মহানুভবতা ঘিরে৷
নিজের মানুষের প্রতি এমন আস্থার নির্দয় প্রতিদান
বুলেটের আঘাতে ঝাঁঝরা বুকে সবাইকে দিয়ে যান৷
হায় পাপিষ্ঠ, এমন মানুষ হত্যা কখনোই বিপ্লব নয়
এই কালোরাতে হিংস্রতা ছিল মানবতার পরাজয়৷
যতবারই ভাবি মেলাতে পারিনা উদাস শূন্য চোখ
বুকের দেয়ালে গেঁথে গেছে স্বজন হারানোর শোক৷
কিছুতেই শেষ হবেনা তাঁর অমোঘ কীর্তি অফুরান
তিনি সেরা ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷
কাজী সায়েমুজ্জামান
ইস্কাটন, ঢাকা
১৫ আগস্ট, ২০১৭ রাত ১২:০৫
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




