প্রতি বছরের শুরুতে প্রতি সকালে বাস্তবিক অর্থে কখনই নতুন সূর্য ওঠে না। আমরা কেবল অনুভুতিতেই সেই নতুন সূর্যকে দেখি। আর আশা করি একটা সুন্দর এবং সাফল্যময় বছরের। আশা আর আকাঙ্ক্ষার ব্যাপ্তি অনেক, কিন্তু প্রাপ্তি হয়তো পুরোটাই নয়। আর তাই না-পাওয়ার অংশটুকু আশা’র তলানীতে থেকেই যায়।
কাল যে সূর্য উঠবে তা এই পৃথিবীর অন্য দেশগুলোয় কোন প্রভাব ফেলবে না। সে দেশগুলোর মানুষেরা নিত্যদিনের মতো যার যার কাজে ব্যস্ত থাকবে। কিন্তু আমরা অনুভূতির চোখে অন্যরকম নিখাদ এক সূর্য ওঠা দেখবো। আশা আর আকাঙ্ক্ষার ডালি সাজাবো। আমরাও অনেকে সাজবো। এটি সারা পৃথিবীর মানুষের স্বভাবসিদ্ধ প্রবৃত্তি। কোথাও আজ, কোথাও কাল। নইলে পৃথিবী এগুলো কিভাবে? আকাঙ্ক্ষা আর সাফল্যের ইট-সিমেন্ট দিয়ে বছরের পর বছর গড়ে তোলা অযুত-নিযুত দীর্ঘ সিঁড়ি পাড়ি দিয়ে তবেই আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি।
আপনাদের মতো আমিও একটি সুন্দর আর সুখী বছরের আশায় থাকলাম। ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে সমৃদ্ধি হোক আকাঙ্ক্ষার পুরোটাই...প্রত্যয় আর প্রচেষ্টার সঙ্গে।
বৈশাখের প্রথম দিন সবার জন্য হোক একটি আনন্দময় দিন।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




