তোমাকে নিয়ে স্বপ্ন দেখলে কখনও তোমার চেহারা দেখতাম না। কী যে খারাপ লাগতো!! যতবার তোমার কাছে এই নিয়ে আফসোস করেছি, তুমি উড়িয়ে দিয়েছো। কী আজব, আমি একটা স্বপ্ন দেখছি, টের পাচ্ছি সেটা তুমি, জানতে পারছি সেটা তোমাকে নিয়েই, কিন্তু ঘুম ভাংগলেই মনে পড়ে আমি তোমার চেহারা দেখিনি! “নিজের চেহারা কি নিজের চোখে কেউ দেখতে পায়?” তোমার এইধরণের হেয়ালি তো আমার বরাবরই অপছন্দ, তাই মানতেও ইচ্ছে করেনি কখনও।
মাঝরাত্তিরে ঘুম ভেংগে গেলো। আজ স্বপ্নে তোমাকেই দেখলাম। দেখলাম, একটা খোলা দরজা, অনেক দূরের সে দরজা দিয়ে তুমি হেঁটে আসছো। দরজার দূরত্ব যেন কিছুতেই কমেনা। তোমার হেঁটে আসাও ফুরোচ্ছেনা। আমি সেই দরজার দিকে তাকিয়ে আছি। অস্থির হয়ে তোমার পদক্ষেপ গুণছি। আমার চারপাশে অন্ধকার আর তোমাকে ঘিরে আলো। তুমি আসছো আমার দিকে, আলো বয়ে নিয়ে। এলোমেলো চুল, মলিন শার্ট আর হেলাফেলা ভাবভঙ্গী আমি স্পষ্ট দেখতে পেলাম।
-তোমার হেয়ালি কী বলে?
“এখন আর জানতে চেয়ে কী হবে?”
-আমাকে জানানোর ইচ্ছে আদৌ তোমার আছে কিনা, তা তো এখন আর জানিনা।
“তুমি নিজে এখন আর জানতে চাও কিনা, সেটাও তো জানিনা।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





