মহা বিপদে পড়লাম!!
মা-দিবসের আগের দিনে আমার ছোটমেয়ে জাইবা আমাকে বলেছিলো যেন আমি ওকে একটা গ্লু কিনে দেই। আমার একদম খেয়াল ছিলো না। সন্ধ্যায় আমার বড়মেয়ে অন্যান্যবারের মত আমাকে একটা সুন্দর রংচঙ্গে ছবি এঁকে দিয়েছিলো, সাথে সুন্দর কিছু কথা লেখা ছিলো আমাকে নিয়ে। সেটা দেখে শুরু করলো আমার ছোটজন কান্না!!
"তুমি আমাকে গ্লু কিনে দাওনাই, তাই আমি আমার কার্ডটা বানাইতে পারিনাই, আঁ-আঁ-আআআআআঁ..."
আমি তক্ষুণি বড়মেয়ে জাইনাকে বল্লাম তার গ্লু ধার দিতে, কিন্তু এতেও জাইবা মানবেনা। কারণ আপুনি তো ফার্স্ট হয়ে গেলো!
মেয়েকে জড়িয়ে ধরে, অনেক সময় নিয়ে বুঝালাম, মা-দিবস কোনও ব্যাপার না, আমাকে সে যেদিন খুশী সেদিন কার্ড বানিয়ে দিতে পারে, সেই দিনটাইই হবে আমার জন্যে মা-দিবস। তবুও সে মানেনা, বলে "কিন্তু ডেই তো একটাই, মাদার্স ডেই আম্মু, মাদার্স ডেই!!" আমি নিজের উদাহরণ দিলাম, বল্লাম আমি নিজে আমার আম্মুকে উইশ করিনি, হাগ করিনি, কিন্তু মাদার্স ডে বলে আজকেই কার্ড দিবো আর অন্যদিন দিবোনা, তা কি হয়? সেজন্য আমার আম্মুকে আমি অন্য যেকোনও দিন অনেক অনেক দিন উইশ করবো কারণ এভ্রিডে ইস মাই মাদার্স ডে!
নিজের উদাহরণ দেওয়াতে দেখি মেয়ের কান্না থামলো। পরদিন সকালে অনেক সুন্দর একটা কার্ড পেলাম ওর কাছ থেকে, ভাঙা ভাঙা বানানে সেখানে একটা চিঠি লেখা। একটা ছবি আঁকা, যেখানে আমি মাঝখানে দাঁড়িয়ে একটা কেইক কাটছি, আমার দুইপাশে দুই মেয়ে, তাদের দুই পাশে আমার বাবা-মা, চারপাশে অনেক মেহমান। অনেক পেছনে একটা গাছের পাশে একজন মানুষের ছবি, সেটা নাকি তাদের আব্বু!
এখানেই শেষ নয়, বলতে গেলে প্রায় প্রতিদিনই, এমন ছবি এঁকে এঁকে সে আমাকে দিতে থাকে, যেখানে ভাঙা ভাঙা বানানে কিছু গল্প লেখা, আর সবার উপরে কিংবা সবার নীচে লেখা, হ্যাপি মাদার্স ডে!
একটু আগেও আরেকটা ছবি দিয়ে গেল জাইবা, সেখানে একটা ডায়মান্ড ক্যাসলের ছবি আঁকা, সাথে একটা ম্যাপের ডিরেকশন দেওয়া আছে ভাঙা ভাঙা বানানে, যাতে আমি অনেক ছবির মাঝখানে ডায়মান্ড ক্যাসলটা খুঁজে নিতে পারি। যথারীতি, প্রতিবারের মত, সবার উপরে লেখা, হ্যাপি মাদার্স ডে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


