লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে।
কচিবয়সে, বাল্যশিক্ষায় এই কথাটা কয়জনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিলো?
ভাবুন কী ভয়ানক ব্রেইনওয়াস ঐটুকুন ছোটমাথায়!
সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন, পরোপকারী হওয়ার স্বপ্ন, দেশগড়ার স্বপ্ন, সব ছাপিয়ে তার মাথায় ঢোকানো হলো গাড়ি-ঘোড়ায় চড়ার স্বপ্ন! ভাবখানা এমন "বাবু, মন দিয়ে পড়াশুনা করো, তাহলে প্রাইজ আছে! তোমার গাড়ি- ঘোড়ায় চড়া হবে!" কী পরিমাণ জঘন্য বস্তুবাদী প্রবাদ!
এখন তো বাবু পড়তে বসলো। বাবু পড়ে আর পড়ে, স্কুল শেষ করে, কলেজ পার করে, মেধাবীদের কাতারে নিজের জায়গা করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীও অর্জন করে। বাবু লোকাল বাসে ধাক্কাধাক্কি করে গা বাঁচিয়ে ঘাম মাখিয়ে জুতার সোল ক্ষইয়ে ভাবতে থাকে "আর কত লেখাপড়া করা বাকী?"
এদিকে বাবুর চোখের সামনে লেখাপড়ার ধার না-ধারা কত্তোজন গাড়ি, বাড়ি, টাকা কাঁড়িকাঁড়ি, আয়েশ ঝুড়ি ঝুড়ি নিয়ে এগুতে থাকে।
বাবুর চোখে তখনও গাড়িঘোড়ার স্বপ্ন। জীবনই বৃথা যদি আয়েশ জৌলুশে নিজেকে ডুবিয়ে রাখা না যায়।
বাবু তাই সরকারী চাকরি তে ঢুকলে ঘুষ খায়। বাবু নাহয় ব্যাঙ্ক অফিসারদের ২ টাকা ঘুষ দিয়ে ২০ টাকা ঋণ নেয়।
বাবু কর ফাঁকি দেয়, বাবু মাস্তান আর পুলিশদের খুশী করে কালোবাজারি করে।
দোষ কিন্তু সেই প্রবাদের। গাড়ি-বাড়ি-আয়েশের স্বপ্ন দেখানো সেই প্রবাদের। যেখানে শিক্ষার লক্ষ্য "মানুষ" বানানো ছিলোনা। যেখানে শিক্ষা দেওয়াই হয়েছে প্রাচুর্য্যে গা-ভাসিয়ে দেওয়াতেই জীবনের সার্থকতা নির্ধারণে।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




