গন্ধ,গন্ধ আর গন্ধ চারদিকে,
পঁচে যাওয়া দেহটা মস্তকহীন
শকুনেরা খাচ্ছে কলিজা ছিঁড়ে- খুঁড়ে,
বাধাহীন।
কেউ নাক ঢেকে,কেউ চোখ বুজে
যাচ্ছে সয়ে,
কে জানে? কত স্বপ্ন এ দেহের সাথে
যাচ্ছে ক্ষয়ে!
বয়সটা বড়জোর- চল্লিশ
কি চুয়াল্লিশ,
এটাইতো বয়েস,বিশ্বকে বুঝাবার:
"আমায় কর কুর্নিশ"
সফেদ জামায় দাগ ছিল না,
হয়তো কিছুদিন আগেও
শত্রুকে সে বুকে টেনেছে,
ছুড়ে ফেলেনি রাগেও!
জন্ম হতে স্বপ্ন হয়তো,
আকাশ ছোঁবে একদিন..
ভাবনা মাঝে হয় ছিল না
সময় হবে সঙ্গীন!
আপনরা কেউ নিচ্ছে না খোঁজ
দিচ্ছে না সৎকার,
তবে কি তার আপন কেউ নেই!?
করতে হাহাকার!??
একটি দেহ দিন- দুপুরে
লক্ষচোখের সামনে পরে
হচ্ছে ক্ষয়ে শেষ,
অনেক খোঁজা- খুঁজি করে
জানা গেল সে অনেক পরে
অভিভাবক-হীন দেহটির
নামটি ' বাংলাদেশ'!
- শাহেদ শাহরিয়ার
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




