
হাবিবুর রহমানের ন’বছরের ছেলে অহিউল্লাহ,
তৃতীয় শ্রেণীতে পড়ে, থাকে নবাবপুরে;
অভাবের সংসার, তাও ছবি আঁকে,
পাতার পর পাতা ভরে নানা রঙে,
বুক পকেটে নিয়ে বুক ভরা আঁকা স্বপ্ন,
ঘুরে বেড়ায় হেথা-সেথা আপন মনে।
আপনভোলা ছোট্ট বালক অহিউল্লাহ,
জানে কি আজ ২২ শে ফেব্রুয়ারী-
কেন খাকি পোষাকে ছেঁয়েছে ঢাকা?
কেন চলছে ১৪৪ ধারা?
জানে কি -
গতকাল শিমুল নয়,
রফিক, সালাম, বরকত, জব্বার আর শফিউরের রক্তে,
রেঙেছে ঢাকার রাজপথ?
খাঁ খাঁ করছে নবাবপুর রোড,
গুটি গুটি পায়ে খোশমহল রেস্টুরেন্টে আসে বালক,
বুক পকেটে নানান রঙের আঁকা ছবি,
সমস্ত নীরবতা খান খান হয়ে যায়,
ঘাতকের বুলেট লাগে মাথায়,
ছোট্ট বালক মাটিতে লুটায়,
স্বপ্নেরা ধূলোয় মিশে।
অ্যাম্বুলেন্স, ঢাকা মেডিকেল হয়ে-
না ফেরার দেশে পাড়ি জমায় ছোট্ট বালক,
কেউ জানে না কোথায় তাঁর কবর,
শহীদ বালক ছড়িয়ে পড়ে কবর থেকে কবরে,
শহীদ মিনার থেকে শহীদ মিনারে-
কারো অনুভবে সে কি আসে?
আসে কি মিডিয়ায়?
রফিক, সালাম, বরকত, জব্বার আর শফিউরের সাথে-
উচ্চারিত হয় কি তার নাম?
বড় অবহেলায়, অনাদরে-
রাজমিস্ত্রির ঝাকড়া চুলের সেই ছেলেটা,
ঘুরে-ফেরে শহীদ মিনারে,
ফুল হাতে বালকের পাশে অদৃশ্যে দাঁড়িয়ে থাকে,
তৃতীয় নয়ন দিয়ে দেখতে কি পাও তাকে?
তাঁর বুক পকেটের স্বপ্ন গুলো,
কেউ কি ধারণ করে?
নব প্রজন্মের কোন অহিউল্লাহ?
নোটঃ গতকাল আমি ময়ূরাক্ষীর অহিউল্লাহকে নিয়ে লেখা পোস্টটা আমাকে ভীষণ ভাবে আলোড়িত করে। তাই আজ লিখতে বসি।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



