আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি নাফ নদীতে ভেসে আসা,
নিষ্পাপ রোহিঙ্গা শিশুটির মা বলছি,
এক মায়ের কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে ভাসমান মৃত শিশু ।
আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি বছর ছয়েকের শিশু বলছি,
দুবছর বয়সী ছোট ভাইকে পিঠে নিয়ে,
হেঁটেছি মাইলের পর মাইল,
বর্মী আর্মির গুলিতে,
চোখের সামনে প্রাণ দিয়েছে মা-বাবা,
এতিম শিশুর কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে ছোটভাইকে পিঠে নেওয়া দুই অসহায় শিশু ।
আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি এক যুবক বলছি,
আশি বছর বয়সী বৃদ্ধ মাকে,
পিঠে নিয়ে আমিও হেঁটেছি মাইলের পর মাইল,
বৃদ্ধা মায়ের কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে বৃদ্ধ মাকে পিঠে নেওয়া এক যুবক ।
আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আমি স্বামী হারা এক স্ত্রী বলছি,
যাকে গুলি করে মারে বর্মী আর্মি,
দুই ছেলেকে নিয়ে,
নাফ নদী পাড়ি দিয়েছি নৌকায়,
ছোট ছেলে ভেসে গেছে স্রোতের তোড়ে,
আমি সন্তান জন্ম দিয়েছি,
শরণার্থী শিবিরের উন্মুক্ত মাঠে,
নব জাতক কাঁদছে দুধের জন্য,
কিন্তু আমি তো দিতে পারছি না,
অনেক দিন কিছু খাই নি,
স্বামী-সন্তানহারা এক মায়ের কান্না কি,
আরেক মা শুনতে পায় না?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে প্রসব কাতর স্বামী-সন্তানহারা এক স্ত্রী ।
আমি নির্যাতিত মানবতা বলছি,
“গণহত্যা বন্ধ কর, অং সান সু চি”
আরো শুনতে চাও?
চার লাখ উদ্বাস্তুর লক্ষাধিক করুণ শোকগাথা,
তোমার নোবেল বিজয়ী সত্বায় কোন আলোড়ন কি নেই?
সু চি,
নোবেল প্রাইজের মেডেলের দিকে তাকিয়ে দ্যাখো,
খোদাই করা আলফ্রেড নোবেলের ছবির বদলে,
ফুটে ওঠেছে কি শরণার্থী শিবিরে অসহায় রোহিঙ্গাদের ছবি?
যদি দেখে থাকে,
ফিরিয়ে নাও আমাদের হাজার বছরের প্রিয় আবাসভূম – আরাকানে,
পরদেশে বিপন্ন, করুণাময় জীবন যে আর চলে না ।
মো: শামছুল ইসলাম
তাং - ১৫/০৯/২০১৭
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



