গতকাল থেকেই ভাবছি – একুশ আমার কাছে কী?
হঠাৎ এতো বছর পর এই প্রৌঢ়ত্বে এসে এ কেমন ভাবনা?
বয়স বাড়ার সাথে সাথে ভাবনারা ঘিরে ধরে,
চিন্তারা আরো গভীর হয়,
মনটা জানতে চায় আসল সত্যটা ।
.
আমি ডুব দেই ভাবনার পুকুরে,
দেখি জলের গভীরে শৈশব,
রঙিন মোড়কে উজ্জ্বল,
থরে থরে সাজানো সেই দিন গুলি ।
.
আমি একুশে ফেব্রুয়ারীতে ফিরি,
শুনি, একটি গান বাজছে,
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো...;
দেখি বেদনায় মলিন এক বালককে ।
.
ফিরি কৈশোরে, একুশে, বাজছে সেই গানটা...
দেখি বেদনায় মলিন এক কিশোরকে ।
.
ফিরি যৌবনে, একুশে, বাজছে সেই গানটা...
দেখি বেদনায় মলিন এক যুবককে ।
.
ফিরি প্রৌঢ়ত্বে, বর্তমানে, এই একুশে, বাজছে সেই গানটা...
দেখি বেদনায় মলিন এক প্রৌঢ়কে,
চোখের জলে ভাসছে,
একটা কবিতা লিখছে,
একুশকে ভালোবেসে ।
.
একুশ আমার কাছে,
শত ভাই হারানোর বেদনা,
শত মায়ের কান্না,
গলার কাছে আটকে থাকা,
এক কান্নার অনুভূতি ।
.
.
মো: শামছুল ইসলাম
তারিখ: ২১/০২/২০১৮ ইং
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



